২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনমকে নিয়ে গর্বিত শাবানা

‘নিরজা’ সিনেমার জন্য চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ পুরস্কার পাওয়ার জন্য সোনম কাপুরকে অভিনন্দন জানিয়েছেন সিনেমাটিতে তার মায়ের ভূমিকায় অভিনয় করা শাবানা আজমী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

টুইটারে একটি পোস্টে তিনি লিখেছেন, “সোনম আমার নিজের বাচ্চার মতো। একজন শিল্পী হিসেবে সোনমের বেড়ে ওঠা দেখতে পারাটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই তৃপ্তির এক অভিজ্ঞতা। জাতীয় পুরস্কার ওর প্রতিভার জন্য অনেক বড় মূল্যায়ন।”

শাবানা আরও লিখেন, “এটি তাকে আরও ভাল কাজের জন্য আরও বেশি করে উৎসাহিত করবে। আমি তাকে নিয়ে খুবই গর্বিত।”

সোনম শাবানা’র এই প্রশংসায় দারুণ খুশি হয়েছেন। তাৎক্ষণিক এক টুইটে এর জন্য শাবানাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোনম লিখেছেন, “আমার দিন, বছর, সবকিছুকেই সুন্দর করে দিয়েছে এটি। ধন্যবাদ শাবানা আজমী এবং ধন্যবাদ রাম মাধবনী আমাকে এটা দেখানোর জন্য।”

‘নিরজা’ সিনেমার নির্মাতা রাম মাধবনী এই টুইটের প্রত্যুত্তরে লিখেন, “শাবানা আজমীর উচ্চ প্রশংসার যোগ্য দাবিদার সোনম কাপুর। খুবই খুশি তোমার সাফল্যে।”

রাম-এর এই টুইটের উত্তরে সোনম লিখেন, “সবকিছু তোমার জন্যই হয়েছে রাম, তুমি লেগে ছিলে আমার পেছনে আর ধন্যবাদ ইশ্বরকে যে আমি ব্যর্থ হইনি।”

‘নিরজা’ সিনেমাটি হিন্দিভাষা বিভাগের সেরা সিনেমার পুরস্কারও জয় করে।

সোনম কাপুর এখন কাজ করছেন অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমায়। এতে তার সঙ্গে আরও দেখা যাবে রাধিকা আপ্তেকে। এছাড়াও তিনি কাজ করছেন সঞ্জয় দত্ত’র বায়োপিকেও।