প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয়েছে ‘সত্তা’
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও পাওলি দাম অভিনীত সিনেমা ‘সত্তা’।সিনেমাটি নির্মাণ করেছেন হাসিবুর রেজা কল্লোল। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সহ সারাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় প্রযোজনায় নির্মিত সিনেমাটি।
মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা ‘সত্তা’ সিনেমাটির ব্যবসায়িক হালচাল বক্সঅফিসে কেমন প্রভাব ফেলেছে তা জানতে সারাদেশের বেশ কয়েকজন প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক, ডিস্ট্রিবিউটর ও সিনেমার বুকিং এজেন্টের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।
দুই সংগ্রামী মায়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘সত্তা' সিনেমার কাহিনি। যার চিত্রনাট্যর কাজটি করেছেন কল্লোল নিজেই। সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান রানা। সোহানী হোসেনের ছোটগল্প ‘মা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘সত্তা'।
সিনেমাটি মুক্তির পরেই প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয়েছে বলে দাবী করলেন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন) মেছবাহ উদ্দিন আহমেদ।
গ্লিটজকে তিনি বলেন,“মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি আমাদের প্রেক্ষাগৃহে খুবই ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে। কিন্তু হঠাৎ শাকিব-অপুর ব্যক্তিগত বিষয়টি গণমাধ্যমে আসার কারণে টিকিট বিক্রিতে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সিনেমাটিকে ঘিরে আমরা আশাবাদী। কারণ মৌলিক গল্পের সিনেমাটি পুরোটা সময় ধরে প্রেক্ষাগৃহে দর্শককে ধরে রাখতে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস সিনেমাটি বেশ ভালো ভাবেই আবারো দর্শক টানবে। আমরা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও প্রদর্শন করবো।”
‘সত্তা’ সিনেমার টিকিট বিক্রি গড়পড়তা হয়েছে। এমনটাই জানালেন রাজধানীর যমুনা ব্লকবাস্টারের ব্যবস্থাপক মাসুদ।
গ্লিটজকে তিনি বলেন,“সিনেমার টিকিট বিক্রি গড়পড়তা হয়েছে। কারণ আমাদের প্রেক্ষাগৃহে যারা নিয়মিত সিনেমা দেখতে আসেন তারা মূলত ইংরেজি সিনেমার দর্শক। যেখানে কিছু বাংলা সিনেমার দর্শকও রয়েছেন। তবে সিনেমা মুক্তির পরে প্রথম তিনদিন প্রেক্ষাগৃহে দর্শকের সংখ্যা যথেষ্ট ভালো ছিলো। কিন্তু সোমবার থেকে শাকিব খান ও অপু বিশ্বাসের ইস্যুর কারণে সিনেমার উপর কিছুটা প্রভাব পড়েছে। তবে সিনেমাটির প্রচারনা যদি ভালো হত তাহলে সিনেমাটি আরো ভালো ব্যবসা করতে পারতো।”
অন্যদিকে বছরের শুরু থেকে এই অবধি প্রায় চারমাসের মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘সত্তা’ বেশ ভালো ব্যবসা করেছে। এমনই চিত্র ফুটে উঠেছে যশোরের মনিহার প্রেক্ষাগৃহে ‘সত্তা’ সিনেমার ডিস্ট্রিবিউটর মিজানুর রহমানের কথায়।
গ্লিটজকে তিনি বলেন, “সিনেমা মুক্তির দিন থেকেই সিনেমার টিকিট বিক্রি যথেষ্ট ভালো হচ্ছে। সকল শ্রেণির দর্শকরা সিনেমাটি দেখতে আসছেন। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত হাউজফুলের সংখ্যা শুরুর প্রথম দুই দিনে কয়েকটা থাকলেও পরবর্তী প্রদর্শনীগুলো হাউজফুলের প্রায় কাছাকাছি হয়েছে।”
তিনি আরো বলেন,“চলতি ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে এই এপ্রিল মাস পর্যন্ত বিগত চার মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘সত্তা’ সিনেমাটি অন্যান্য সিনেমার তুলনায় যথেষ্ট ভালো ব্যবসা করেছে। এমন ধরনের সিনেমা তৈরি হলে আমাদের সিনেমার ব্যবসা আবারো ঘুরে দাঁড়াবে।”
দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার পরেও ‘সত্তা’ সিনেমা মুক্তির পরে আশানুরুপ দর্শক না আসলেও গড়পড়তা বেশ ভালোই দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমাটি। এমন তথ্যই দিলেন চট্টগ্রামের পূরবী প্রেক্ষাগৃহে সিনেমাটির বুকিং এজেন্ট আব্দুল বারেক।
তিনি বলেন,“দুই মাসের মতো এই সিনেমা হলটি বন্ধ থাকার কারণে অনেকে জানেই না যে বতর্মানে সিনেমা হলটি পুনরায় চালু হয়েছে। এজন্য কিছু সম্যসার সম্মুখীন হয়েছি। সিনেমার গল্প যেহেতু মৌলিক সেহেতু দর্শক যারাই এসেছেন তারা সিনেমাটি দেখে বাজে কোনো মন্তব্য করেননি। বলতে গেলে অনেক প্রতিকুল অবস্থার মধ্যে থেকেও সিনেমাটি দেখতে বেশ ভালোই দর্শক এসেছে এবং টিকিট বিক্রিও খারাপ হয়নি।”
একইভাবে প্রেক্ষাগৃহে গড়পড়তা দর্শক আসার কথা জানালেন খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রতিনিধি প্রিন্স।
গ্লিটজকে তিনি বলেন,“এই সিনেমাটি মূলত একটি নির্দিষ্ট শ্রেণির জন্য। তবে সিনেমার মৌলিক গল্প ও শাকিব খানের অভিনয়ের কারণে মুক্তির প্রথম দিন থেকেই সকল শ্রেণির দর্শকরাই সিনেমাটি দেখতে এসেছেন। টিকিট বিক্রি গড়পড়তা হয়েছে।”
‘সত্তা’ সিনেমায় শাকিব-পাওলি ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। এছাড়াও ‘সত্তা’ সিনেমায় ব্যবহার করা হয়েছে মোট ৬টি গান। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কন্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।
