সঞ্জয় দত্ত’র বায়োপিকের সিংহভাগ কাজ শেষ: রণবীর
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেতা রণবীর কাপুর জানালেন তার অভিনীত সঞ্জয় দত্ত’র বায়োপিকের কাজ ৬০ শতাংশ শেষ।
লোকমাত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রণবীর উপস্থিত হয়েছিলেন সঞ্জয় দত্ত’র বেশেই। অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করতে সঞ্জয় দত্ত’র মতো অভিনয়ও করে দেখান তিনি।
রণবীর বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন আমি সঞ্জয় দত্ত’র বেশেই রয়েছি, সিনেমাটির ৬০ শতাংশের কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটা শেষ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “সঞ্জয় দত্ত’র বায়োপিকে আমি অভিনয় করতে পেরে খুবই গর্ববোধ করছি। বিনোদ স্যার (সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া) এবং সঞ্জয় স্যারের প্রতি এজন্য আমি কৃতজ্ঞ।
তার পরবর্তী সিনেমা ‘জগ্গা জাসুস’ নিয়ে জানতে চাইলে রণবীর বলেন, “ ‘জগ্গা জাসুস’ নিয়ে বেশ দেরি হয়ে গেছে এরমধ্যে। তবে আমার ধারণা এটি ১৪ জুলাই মুক্তি পাবে।”
সিনেমায় তার সহশিল্পী ছিলেন ক্যাটরিনা কাইফ। রণবীর এবং ক্যাটরিনার মধ্যে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় এই ছবির প্রচারে ক্যাটরিনা থাকবেন না- এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।
রণবীরের কাছে জানতে চাইলে এব্যাপারে তিনি বলেন, “শুটিং শেষ করেই তিনি সিনেমার প্রচারে যোগ দেবেন।”
রণবীর কাপুরকে শেষ দেখা গেছে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায়।
