শাকিব যেভাবে চায়, সেভাবেই চলব: অপু বিশ্বাস
‘সমঝোতার’ প্রস্তাবটি এখনও ‘না পেলেও’ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্ত্রী অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের কথা মেনে চলতে প্রস্তুত তিনি।
সোমবার অভিনেত্রী অপু বিশ্বাস শাকিবের সঙ্গে তার বিয়ে এবং সন্তান হওয়ার খবর ফাঁস করার পর তা নিয়ে তুমুল আলোচনা চলছে।
এর মধ্যে মঙ্গলবার শাকিবের এক প্রযোজক জানান, এই অভিনেতা তার স্ত্রীর সঙ্গে সমঝোতার জন্য প্রস্তুত।
গণমাধ্যমে এই খবর দেখেছেন জানিয়ে অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুড নিউজ। শাকিবের সমঝোতার প্রস্তাবকে আমি স্বাগত জানাই।
“তবে সমঝোতার প্রস্তাবে এত কালক্ষেপণ কেন”- প্রশ্ন তুলে তিনি বলেন ‘খুব ভালোর’ অপেক্ষায় রয়েছেন তিনি।
অপু বলেন, “আমার আর কিছু চাই না। ও আমাকে আর আমার ছেলেকে সামনে নিয়ে এসেছে। এখন শাকিব যা বলবে, আমি তাই করব। সে যেভাবে চায়, আমি সেভাবেই চলব।”
“আমি কিন্তু এখনও বলছি না যে শাকিবকে আমার ভাত-কাপড়ের দায়িত্ব নিতে হবে। আমার দায়িত্ব আমার পরিবারকেও নিতে হবে না। আমি আমার দায়িত্ব নিজেই বহন করতে পারি,”বলেন তিনি।
অপু হঠাৎ করে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও পিছু হটেন শাকিব। তবে রাতে একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে তিনি বলেন, না বুঝে অদৃশ্য শক্তির ফাঁদে পা দিয়েছেন অপু।
নয় বছর লুকিয়ে রাখা দাম্পত্য জীবনে এসেছে অনেক ঝড় সামলানোর কথা আসে অপুর কথায়। একাকীত্ব আর জীবনের নানা ঘাত-প্রতিঘাতের কথাও বলেন এই অভিনেত্রী।
শাকিব খান ও অপু বিশ্বাস (ফাইল ছবি)
“আমাকে নয় বছর একা রাখা হয়েছে। আমি বিবাহিত; এ জীবনটা আমাকে লুকিয়ে ছাপিয়ে রাখতে হয়েছে। একা ছিলাম আমি। নিজেকে নিজের মতো করে গড়ে নিতে হয়েছে, আমি পেরেছিও।”
সাত মাসের ছেলে আব্রাহাম খান জয় অন্য শিশুদের মতোই জীবন পাক, মা হিসেবে সেই চাওয়ার কথাও বলেন তিনি।
“আট দশটা বাচ্চাকে দেখতাম, স্বাধীনভাবে চলাফেরা করছে। মা হিসেবে তখন আমার কষ্ট হত খুব।”
নয়বছরের বিবাহিত জীবনকে লুকিয়ে রাখার ব্যাখ্যাও দেন এই অভিনেত্রী।
“দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্যারিয়ারের কথা ভেবেছিলাম দুজনে। কারণ ছিল, প্রযোজকরা কোটি কোটি টাকা লগ্নি করেছে আমাদের পেছনে। বিয়ের ব্যাপারটি গোপন রাখার দরকার ছিল। এটি শতভাগ হলেও সত্যি যে তা আমাদের দুজনের ক্যারিয়ারে প্রভাব ফেলত। তখন আমাদের রাইজিং মোমেন্ট ছিল।”
তবে এখন যে ঘটনা ঘটল, তা তাদের ক্যারিয়ারে তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন জনপ্রিয় এই চলচ্চিত্র জুটির একজন অপু।
অন্তরাল থেকে বেরিয়ে সোমবার শিশুসন্তানকে নিয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত হন অপু বিশ্বাস
“দর্শক যদি শাকিব-অপুর কাজকে সত্যি সত্যি ভালোবাসে, তবে তারা আমাদের স্বাভাবিক জীবনকেও ভালোবাসবে। বিনোদনের মানুষ হলেও আমাদেরও তো ছেলেপুলে, স্বামী আর পরিবার নিয়ে স্বাভাবিক জীবন রয়েছে। আমরা তো আর প্লাস্টিক না!”
“সত্য সত্যের মতো করে চলে এসেছে।দর্শক এসব সহজে মেনে নেবে,” এমনটি প্রত্যাশা ঢাকাই সিনেমার অন্যতম সফল এই অভিনেত্রীর।
আব্রাহাম খান জয়ের বিষয়ে নিজেদের পরিকল্পনার কথাও শোনালেন তিনি।
“শাকিব সবসময় চায়, জয় স্বাধীনভাবে বড় হোক। ওকে আমরা দেশের সেরা স্কুলে পড়াতে চাই। শাকিব সবসময় বলে, ছেলে ভালোভাবে বেড়ে উঠতে যা যা করণীয় সে সব করবে।”
সন্তান প্রতিপালনে এখনও তেমন দক্ষতা অর্জন করতে পারেননি বলে জানান অপু। সেক্ষেত্রে তার মা ও পরিবারের অন্য সদস্যরাই জয়কে সারাক্ষণ আগলে রাখছে বলে জানান তিনি।
“দাদুবাড়ি, মামাবাড়ি- সব মিলিয়ে জয়কে চোখে হারায় সবাই। তবে সবচেয়ে বেশি আদর পাচ্ছে দাদা ও ফুপু থেকে।”
