আমির খানের প্রতিপক্ষ এবার রজনীকান্ত!
চলতি বছরের দীপাবলীতে একসঙ্গে মুক্তি পাবে আমির খান-এর ‘সিক্রেট সুপারস্টার’ এবং রজনীকান্ত অভিনীত ‘টু পয়েন্ট জিরো’।
বড় তারকাদের সিনেমা মানেই বক্স অফিসে বাম্পার ব্যবসা। তবে একই সময়ে একাধিক তারকার সিনেমা মুক্তি মানে বক্স-অফিসে অনিবার্য সংঘর্ষ। এবার সেই সংঘর্ষেই পড়তে যাচ্ছেন ভারতের দুই তারকা আমির খান এবং রজনীকান্ত।
কথা ছিল আমির খান প্রযোজিত ও অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাবে আগস্টে। কিন্তু সম্প্রতি এর মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে দীপাবলীর মৌসুমে, যখন আগে থেকেই মুক্তির জন্য নির্ধারিত ছিল রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’।
খবরটি টুইটারে নিশ্চিত করেছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি লিখেছেন, “ব্রেকিং নিউজ: আমির খান প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ এবার মুক্তি পাবে দীপাবলীতে। পরিচালক অদ্বৈত চন্দন।”
রজনীকান্ত অভিনীত ‘টু পয়েন্ট জিরো’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ২০১০ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘এন্থিরান’-এর সিকুয়েল এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। আগেরবারের মতো এবারের সিনেমারও নির্মাতা এস শঙ্কর।
অন্যদিকে আমির খান প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’-এর গল্প এক মুসলিম কিশোরীকে নিয়ে। বাবার নিষেধের কারণে যে বোরখার আড়ালে লুকিয়ে ফেইসবুকে নিজের সংগীত প্রতিভার বিকাশ ঘটায়। সিনেমায় আমির অভিনয় করেছেন ওই কিশোরীর গুরু এবং এক রকতারকার ভূমিকায়। নিজের অন্যান্য সিনেমার মতোই এই সিনেমাতেও সম্পূর্ণ নতুন অবতারে হাজির হবেন তিনি।
‘সিক্রেট সুপাস্টার’ সিনেমা’র মূল চরিত্রে অভিনয় করছেন জাইরা ওয়াসিম; ‘দঙ্গল’ সিনেমা আমির খান-এর সঙ্গে অভিনয় করে চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিকমতো এগুলে আমির-এর আরেক সুপারহিট সিনেমা ‘তারে জমিন পর’-এর মতোই সাফল্য পাবে ‘সিক্রেট সুপারস্টার’।
