২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরভী লক্ষ্মী’র অজানা অধ্যায়

শুক্রবার ঘোষণা করা হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-র বিজেতাদের নাম। মালয়ালাম সিনেমা ‘মিন্নামিনুনগে’র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অভিনেত্রী সুরভী লক্ষ্মী। চলুন জেনে নিই এ অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 10:02 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

‘মিন্নামিনুনগে’-এর চিত্রনাট্য পড়েই নাকি মুগ্ধ হয়েছিলেন সুরভী লক্ষ্মী। তখন থেকেই তার মনে হয়েছিলো পুরস্কার জেতার মতো একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি! সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এভাবেই নিজের মনোভাব তুলে ধরলেন এই মালয়ালাম শিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদন বলছে মালয়ালাম গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে সুরভী বলেন, “আমি জানতাম ‘মিন্নামিনুনগে’ পুরস্কৃত হওয়ার মতোই একটি ছবি। প্রথম চিত্রনাট্য পড়ার সময়ই আমার এ কথা মনে হয়েছিলো। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এই বড় আসরে সম্মানিত হতে যাচ্ছি তা বুঝতে পারিনি। এখনো বিশ্বাস করতে পারছি না এটা সত্যি নাকি স্বপ্ন!”

সুরভী লক্ষ্মী ১৬তম মালয়ালাম অভিনেত্রী যিনি কিনা ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন। সর্বশেষ ২০০৩ সালের ছবি ‘পদম অনু: ওরু ভিলাপাম’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতে মালয়ালাম অভিনেত্রী মীরা জেসমিন। ‘মিন্নামিনুনগে’র মাধ্যমে প্রায় ১৪ বছর পর আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন কোনো মালয়ালাম অভিনেত্রী।

মালয়ালাম টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘বেস্ট অ্যাক্টর’ আসর জিতে অভিনয়ে অভিষেক ঘটে সুরভীর। ২০০৫ সালে ‘পিপল’ সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেত্রী। এরপর ‘গুলমোহর’, ‘পুঠিয়া মোকাম’, ‘তীরকথা’ সহ বেশ কিছু জনপ্রিয় মালয়ালাম সিনেমায় অভিনয় করেন তিনি। এ মুহূর্তে জনপ্রিয় মালয়ালাম টিভি সিরিজ ‘এমএইটটি মুসা’তে পাঠু চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন এ তারকা।

‘মিন্নামিনুনগে’ ছবির জন্য মালয়ালাম চলচ্চিত্র পুরস্কার আসরে সমালোচক বিভাগে দ্বিতীয় সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এ অভিনেত্রী।