কমলের মতো রাগী মানুষ আমি আর দেখিনি: রজনীকান্ত
কমল হাসানকে ‘রাগী মানুষ’ হিসেবে অভিহিত করেছেন তার এক সময়ের সহকর্মী তামিল মহাতারকা রজনীকান্ত।
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তামিল অভিনেতা কমল হাসানের ভাই চন্দ্র হাসান। তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তে সহকর্মী ও বন্ধু কমলকে নিয়ে নানান কথাই বললেন রজনীকান্ত।
১৮ মার্চ মৃত্যুবরণ করেন চন্দ্র হাসান। কমল হাসান ও তার দুই ভাই চন্দ্র ও চারু হাসানের সঙ্গে রজনীকান্ত’র রয়েছে অনেকস্মৃতি। মূলত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে রজনীকান্তকে সাহায্য করেছিলেন প্রযোজক চন্দ্র হাসান।
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন বলছে, গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে ‘এন্থিরান’ তারকা রজনীকান্ত বলেন, “চন্দ্রের এমন হঠাৎ প্রস্থান মেনে নিতে কষ্ট হচ্ছে। চন্দ্র এবং চারু’র জন্যই কমল তার আজকের অবস্থানে আসতে পেরেছে। তার মতো রাগী মানুষ আমি আর দ্বিতীয়টি দেখিনি। এখন কমলকে কে সামলে রাখবে তাই-ই ভাবছি।”
রজনীকান্ত আরও বলেন, “কমল এ সময়ের অভিনেতাদের মতো নয়। আজ অবধি সে যা কামিয়েছে তা চন্দ্রের কারণেই। চন্দ্রই তাকে দেখে-শুনে রাখতো। আমি বুঝতে পারছি না চন্দ্রের অবর্তমানে এখন কেমন করে সব সামলাবে কমল।”
এদিকে ভাইয়ের মৃত্যুতে শোকাহত কমল বলেন, “তার বিষয়ে বলতে গেলে আমার কথা থামবে না। তিনি আমার বড় ভাই হলেও ছিলেন আমার বাবার মতোই। তিনি ছিলেন খুবই হৃদয়বান একজন মানুষ। ভালো রান্না করতে পারতেন আর নিজের ময়লাকাপড় নিজেই পরিষ্কার করতেন, কখনও কোনো কাজের মানুষের সাহায্য নিতেন না।”
কমল হাসান ও রজনীকান্ত তামিল চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা। ‘আভারগাল’, ‘অগ্নিসাক্ষী’, ‘গ্রেফতার’ সহ অসংখ্য সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাদের।
