২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইতে মুক্তি পাচ্ছে ‘ইন্দু সরকার’

সম্প্রতি এক টুইট পোস্টে নির্মাতা মধুর ভান্ডারকর জানালেন ২১ জুলাই মুক্তি পাচ্ছে তার রাজনৈতিক ঘটনা নির্ভর সিনেমা ‘ইন্দু সরকার’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সময়কাল ‘১৯৭৫-১৯৭৭’। ইন্দিরা গান্ধীর সময়কালে ২১ মাসের জরুরি অবস্থা জারি করে তৎকালীন সরকার। সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে পটভূমি করে এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মধুর ভান্ডারকর।এ সিনেমায় অভিনয় করছেন অনুপম খের, নীল নিতিন মুকেশ ও বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী।

সম্প্রতি এক টুইট পোস্টে এই নির্মাতা লেখেন, “ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো ‘জুররি অবস্থা’কালীন সময়। দর্শককে এ সম্পর্কে জানাতেই ২১ জুলাই হলে আসছে ‘ইন্দু সরকার’।”

‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর বরাবরই জনপ্রিয় তার ব্যতিক্রমধর্মী কাজের জন্য। এর আগে নানা ব্যতিক্রমী বিষয় নিয়ে নির্মিত এই পরিচালকের সিনেমা ‘ট্রাফিক সিগন্যাল’, ‘পেইজ-থ্রি’, ‘ফ্যাশন’, ‘চাঁদনী বার’ পেয়েছে দর্শকপ্রিয়তা। তার নতুন সিনেমা ‘ইন্দু সরকার’ও রয়েছে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।