ছেলের কারণে গ্রুটকে বেছেন নেন ভিন ডিজেল!
‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ সিরিজের গ্রুট চরিত্রটির কণ্ঠশিল্পী ভিন ডিজেল বলেছেন, এই চরিত্রে তিনি অভিনয়ে সম্মত হন তার ছেলের কারণে।
গাছের মতো দেখতে এক এলিয়েন, যার সংলাপ কেবল একটিই, ‘আই অ্যাম গ্রুট’- দারুণ জনপ্রিয় হয় ২০১৪ সালের সিনেমা ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’র কল্যাণে। চলতি বছরে মুক্তি পাচ্ছে সিনেমাটির দ্বিতীয় পর্ব। এতেও এই চরিত্রের কণ্ঠ দিয়েছেন ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ খ্যাত ভিন ডিজেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিজেল জানান তার ‘গ্রুট’ হয়ে ওঠার গল্প।
তিনি বলেন, “মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিগ-এর সঙ্গে আমি ঘন্টা দুয়েকের আড্ডা দিয়েছিলাম একবার। এর দুই সপ্তাহ পর মার্ভেল আমার কাছে একটি কনসেপ্ট বই পাঠায়। কেরিয়ারের শুরুতে আমি এক লৌহ দানবের চরিত্রে অভিনয় করেছিলাম, সেখান থেকেই তাদের মনে হয়েছে আমাকে এই চরিত্রগুলোর যেকোনো একটিতে মানাবে!”
তিনি আরও বলেন, “বিরাট এই বইটি খুলে যে চরিত্রটি দেখেই আমি প্রেমে পড়ে গেলাম, সেটা হলো গ্রুট। আমার ছেলে ভিনসেন্ট, যার বয়স ওইসময় ছিল তিন, তাকে বইটি দেখিয়ে আমি জিজ্ঞেস করলাম, বাবাকে কোনটাতে ভাল মানাবে? সে তখন আঙুল দিয়ে গাছটা দেখালো। তখনই মনে হয়েছে এই চরিত্রটি আমার জন্য হবে সোনায় সোহাগা।”
দর্শকদের মতো ডিজেল নিজেও গ্রুট চরিত্রটির দয়ালু চারিত্রিক বৈশিষ্ট পছন্দ করেন।
তিনি বলেন, “গ্রুট দানব হলেও দয়ালু- এটা আমার খুব ভাল লাগে। চরিত্রটির অভিনবত্ব আমাকে মুগ্ধ করে। মার্ভেল ইউনিভার্সে তাকেই ধরা হয় সবচেয়ে মজার চরিত্র হিসেবে; কারণ সে একেবারেই অন্যরকম এবং অনন্য।”
জেমস গান পরিচালিত ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’তে ডিজেল-এর পাশাপাশি দেখা যাবে ক্রিস প্র্যাট, জোয়ি সালডানা এবং ডেভ বাতিস্তাকে। গতবারের মতো এবারও রকেট-এর কন্ঠ দিয়েছেন ব্র্যাডলি কুপার। তবে সিনেমার অন্যতম চমক হিসেবে দুটি চরিত্রে দেখা যাবে কার্ট রাসেল ও সিলভেস্টার স্টালোনকে।
