‘শিকলবাহা’র নতুন মুখের খোঁজ!
নির্মাতা কামার আহমাদ সাইমন নির্মাণ করছেন তার নতুন সিনেমা ‘শিকলবাহা’। এই সিনেমার জন্য ইতমধ্যে নতুন মুখের খোঁজে নেমেছেন তিনি।
হারিয়ে যাওয়া দুই বন্ধু আর একটা নদীর খোঁজে এক অনিশ্চিত যাত্রার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘শিকলবাহা'। সিনেমার জন্য নতুন মুখের খোঁজে বৃহস্পতিবার দুপুর থেকে সিনেমাটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠান সূচনার ফেইসবুক পাতায় প্রচারণা শুরু করেছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিরিশোর্ধ দুই তরুণ আর এক তরুণীর খোঁজে চলবে এই কার্যক্রম। এছাড়াও সিনেমার পার্শ্ব-চরিত্রের জন্য ১২ থেকে ৯০ পর্যন্ত বয়সের ছোট-বড় মিলিয়ে প্রায় সাতচল্লিশটি নতুন মুখ খোঁজা হচ্ছে।
অন্যদিকে এর আগে এক সাক্ষাৎকারে কামার বলেছিলেন, “আমার ছবিটা একান্তই ব্যক্তিগত। ফার্মগেটে হাজারো মানুষের ভিড়ে একা একা সিএনজি খুঁজছে যেই মেয়েটা, শিকলবাহা সেই মেয়েটার গল্প! আত্মপরিচয়ের খোঁজে এই শহরে মাথা কুটছে যে ছেলেটা, এটা সেই ছেলেটার গল্প।”
এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত বিশ্বব্যাপী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ অনুদান পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ জিতেছিল কামারের এই চিত্রনাট্য। এছাড়াও জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত এই চিত্রনাট্যের জন্য ২০১৪ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় উদীয়মান নির্মাতাদের আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দু মুন্দে’ আমন্ত্রিত ১০ জন তরুণের মধ্যে নির্বাচিত হয়েছিলেন কামার।
তখন সিনেমার নাম ছিলো 'শঙ্খধ্বনি' (Silence of the Seashell)। নতুন নামকরন নিয়ে কামারের বক্তব্য, "জ্য পল সার্ত্রের উপন্যাস আয়রন ইন দ্য সোল-এর বাংলা অনুবাদ করেছিলেন সরদার ফজলুল করিম শিকল অন্তরে। লিখতে গিয়ে টের পেলাম, আমাদের সবার মনের গহিনে বহমান যে নদী, তার ভেতরেও একটা শিকল পড়ে আছে, সার্ত্রের সেই শিকল! নিজে ছাড়া আর কেউ যার শব্দ শুনতে পায় না। আবার দুই বন্ধু যে নদীটা খুঁজছে তার নামও 'শিকলবাহা'। তাই নামটা বদলে দিলাম - শিকলবাহা।”
খুব শীঘ্রই কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায় এবং সারা আফরীনের প্রযোজনায় 'শিকলবাহা'র কাজ শুরু হচ্ছে।
চার দেশের কলাকুশলীর যৌথ প্রযোজনায় তৈরি হবে সিনেমা 'শিকলবাহা'। বাংলাদেশ ছাড়া সিনেমায় জার্মানি, ফ্রান্স ও ভারতের কয়েকজন সিনেমা-প্রফেশনালরা কাজ করবেন। আগ্রহীরা অডিশনের জন্য চলতি মাসের মাসের ২৬ তারিখের মধ্যে ০১৬৭২৬৯৮৬১২, ০১৭১৬৪৫৪০৬০ এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও অডিশনের জন্য আগ্রহীদের ফেইসবুকের নিচের এই লিংকে ভিজিট করতে হবে।
