আহত আলোকচিত্রীকে হাসপাতালে পৌঁছে দিলেন শাহরুখ
নিজের গাড়ির নিচে পড়ে আহত হওয়া এক আলোকচিত্রীকে হাসপাতালে পৌঁছে দিলেন অভিনেতা শাহরুখ খান।
আলিয়া ভাট-এর ২৪ তম জন্মদিনের পার্টিতে শাহরুখ-এর যাওয়ার সময় ঘটে এই ঘটনা। শাহরুখ-এর ছবি তোলার জন্য এতটাই মরিয়া ছিলেন ওই আলোকচিত্রী যে গাড়ির একেবারে সামনে এসে ছবি তুলতে শুরু করেন তিনি। আর তাতেই অসাবধানতা বশতঃ গাড়ির চাকার নিচে পা চলে যায় তার।
শাহরুখ ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নেমে আসেন গাড়ি থেকে। আহত আলোকচিত্রীকে অনুরোধ করেন ভয় না পেতে। নিজের গাড়িচালককে বলেন তাকে নানাবতী হাসপাতালে নিয়ে যেতে। তার চিকিৎসার সমস্ত খরচ তিনি বহন করবেন, এমনটাও কথা দেন তিনি।
ঘটনাস্থলে থাকা এক প্রতক্ষ্যদর্শী এব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আহত হয়েছে, সে ছিল নতুন। শাহরুখ খানকে দেখে সে উত্তেজিত হয়ে যায় এবং ছবি তোলার জন্য গাড়ির একেবারে সামনে চলে যায়। সে শাহরুখের ছবি তোলায় এতটাই মগ্ন ছিল যে দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা সে বুঝতে পারেনি। তবে ভাগ্য ভাল বড় কোনো আঘাত সে পায়নি এবং সবকিছু এখন নিয়ন্ত্রনে চলে এসেছে।”
এর আগে শাহরুখ-এর ‘রইস’ সিনেমার প্রচারের সময় তাকে রেলস্টেশনে দেখতে এসে মারা যায় এক ভক্ত।
