চমক নিয়ে এলেন জ্যোতি
অনেকদিন ধরেই ডুব মেরে ছিলেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী জ্যোতি। ভাসলেন নতুন খবর নিয়ে। জানালেন, কলকাতার নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় টলিউডের চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন জ্যোতি।
খবরটা জ্যোতি নিজেই দিলেন, ভারতের বাংলা ছবিতে অভিনয় করছি। পরিচালক- প্রদীপ্ত ভট্টাচার্য। আমার সহশিল্পী, ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক চক্রবর্তী! একই নির্মাতার ‘বাকিটা ব্যক্তিগত’ কিংবা কৌশিক গাঙ্গুলীর ‘শব্দ’চলচ্চিত্রের মতো বেশ কিছু চলচ্চিত্রের মাধ্যমে ইতমধ্যেই দুই বাংলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এ অভিনেতা। তার বিপরীতেই টলিউডের বড়পর্দায় অভিষেক হবে জ্যোতির।
কেমন লাগছে? জ্যোতি বললেন, ‘খুব ভাল কিছুর জন্য অপেক্ষা করছিলাম, যেমন আমি চাই। সেই সুযোগ আসাতে ভীষণ খুশি, একই সাথে ভালভাবে চরিত্রটা পর্দায় তুলে ধরার চাপ।’
কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এক উপন্যাস অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। এর বেশি খোলসা করতে মানা। তাই বেশিকিছু জানালেন না জ্যোতি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। আসছে মে থেকেই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। কিন্তু এর আগে আপাতত অন্য কোনো কাজে নিজেকে জড়াচ্ছেন না জ্যোতি।
চলচ্চিত্রটির প্রস্তুতি নিতে কিছুদিনের মধ্যেই ছুটছেন কলকাতায়। বললেন, ‘বেশ প্রস্তুতির ব্যাপার আছে। নাচ, ল্যাঙ্গুয়েজ অনেক কিছু শেখার আছে। অলরেডি গ্রুমিং শুরু হয়েছে। ৩/৪দিনের মধ্যেই কলকাতা চলে যাবো। কারন আমার পরিচালক এত মেধাবী যে সে কোনো ছাড় দেবে না।’
ছবিটির নাম এখনি প্রকাশ করতে রাজী নন নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। ২০০৩ সালে নির্মিত এ পরিচালকের প্রথম ছবি ‘বাকিটা ব্যক্তিগত’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। জ্যোতি-ঋত্বিককে নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রটি নির্মাতার দ্বিতীয় ছবি।
