‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’কে মুক্তি দেয়া হোক : কঙ্কনা
সেন্সরবোর্ডে আটকে থাকা ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র মুক্তি নিয়ে আশাবাদী অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা।
সম্প্রতি ‘স্পর্শকাতর নারীবাদী বিষয়বস্তু’ ও ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে প্রকাশ ঝা প্রডাকশনের এই সিনেমাটি নিষিদ্ধ করেছে ভারতীয় সেন্সর বোর্ড। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ দলের করা আপিলের প্রেক্ষিতে অতিসত্ত্বর বসবে ট্রাইবুনাল। ট্রাইবুনালের রায়ের উপরেই নির্ভর করছে এই ছবির মুক্তি পাওয়া না পাওয়ার বিষয়টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা বলেন, “আমি খুবই আনন্দিত যে সবাই ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-র মুক্তির পক্ষে রয়েছেন। আমি বিশ্বাস করি ট্রাইবুনালের রায় আমাদের পক্ষেই আসবে আর দর্শক একটি ভালো সিনেমা উপভোগ করতে পারবে।”
‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ ছবির গল্প আবর্তিত হয়েছে চার জন বোরখা পরিহিত নারীকে ঘিরে। তাদের জীবনের নানা স্পর্শকাতর অভিজ্ঞতা ও ঘটনাকে কেন্দ্র করেই এ ছবির কাহিনি এগিয়েছে।এই ছবি প্রসঙ্গে পরিচালক অলঙ্কৃত শ্রীবাস্তব বলেন, “ভারতীয় নারীদের মতো এমন শোচনীয় অবস্থা মনে হয় দুনিয়ার আর কোথাও নেই। নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, মেয়ে-ভ্রূণ হত্যা, যৌতুক, রাস্তাঘাটে অপমান- এমন আরও অনেক বিষয়ই ঘটে চলেছে আমাদের চারপাশে। এ বিষয়গুলোকেই আমি আমার গল্পে তুলে ধরতে চেয়েছি।”
এই সিনেমায় কঙ্কনা সেনশর্মা ছাড়াও অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, প্লাবিতা বড়ঠাকুর, অহনা কুমার, সুশান্ত সিং সহ আরও অনেকেই।
