বুধবার ঢাকায় আসছেন ঋত্বিকা সেন
ঢাকাই সিনেমায় অভিনয়ের সুবাদে টালিগঞ্জের নায়িকাদের আগমন সাম্প্রতিককালে নতুন কোনো ঘটনা নয়।এবার সেই তালিকায় যোগ হল কলকাতার নায়িকা ঋত্বিকা সেনের নাম।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘গাদ্দার’ সিনেমায় অভিনয় করছেন ঋত্বিকা সেন। সিনেমার দৃশ্যধারনের উদ্দেশ্যে বুধবার ঢাকায় আসছেন তিনি।
এ প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে গ্লিটজকে ‘গাদ্দার’ সিনেমার অভিনেতা শ্রাবণ খান বলেন,“সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বিকেল ৫টার একটি বেসরকারি বিমানের ফ্লাইটে করে ঢাকায় আসবেন ঋত্বিকা সেন। আর বৃহস্পতিবার থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারনের কাজ। প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারনের কাজ সম্পন্ন হবে।”
তিনি আরো বলেন,“ পরবর্তীতে ঢাকার বাইরেও সিনেমার অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারন করা হবে। এছাড়াও সিনেমার গানগুলো মালদ্বীপ ও উজবেকিস্তানে করার সম্ভাবনাও রয়েছে।”
‘গাদ্দার’ সিনেমার গল্প লিখেছেন বাংলাদেশের শহিদুল্লাহ দুলাল। আর সিনেমার সংলাপ লিখেছেন কলকাতার এন কে সলিল। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের ভেনাস মাল্টিমিডিয়া ও ভারতের ভিশন এন্টারটেইনমেন্ট। এছাড়াও সিনেমাটি যৌথভাবে নির্মাণ করছেন বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু এবং কলকাতার নেহাল দত্ত।
অন্যদিকে শ্রাবণ খান অভিনীত কালাম কায়সারের ‘তোমার সুখই আমার সুখ’ ও ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমাদুটো মুক্তি পেয়েছে। এছাড়াও সোহানুর রহমান সোহান নির্মিত ‘অবলা নারী’ সিনেমায় তিনি কাজ করছেন।
শ্রাবণ খানের ছবি তুলেছেন সেলিম শাকিব
