২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্রের কারণেই আজ আমি সফল : ভায়োলা ডেভিস

চলতি বছরের অস্কারে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা ভায়োলা ডেভিস বলেছেন, শৈশবের দারিদ্র তাকে সফল হতে অনুপ্রেরণা জুগিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

৫১ বছর বয়সী এই অভিনেত্রী পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, শৈশবে তিনি থাকতেন রোডস আইল্যান্ডে তার নানির খামারবাড়িতে যেখানে ছিল ইঁদুরের উপদ্রব। ওই সময়ের অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা তাকে বড় হয়ে কিছু একটা করে দেখাবার প্রেরণা জুগিয়েছে।

“এটা (দারিদ্র) আমার জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে অন্য কিছুর বদলে। দারিদ্রের সমস্যা হলো এটি আপনার মস্তিষ্ক এবং মনকে ভেঙে দেয়, কারণ এর জন্য কেউ আপনার প্রতি খেয়াল করে না। অনেক ছোট থেকেই আমি ঠিক করি, আমার জীবনে এটা আমি চাই না,” বলেন তিনি।

ভায়োলা আরও বলেন, “দারিদ্র আমাকে সাহায্য করেছে এখন আমার জীবনে যা যা আছে, সেগুলোর মূল্য বোঝার জন্য। কারণ আগে এসবের কিছুই আমার ছিল না; একটি উঠান, একটা বাড়ি, ভাল পয়নিষ্কাশন ব্যবস্থা, ফ্রিজ ভর্তি খাবার- সেইসব জিনিসকে, মানুষ যেগুলোকে স্বাভাবিক বলে ধরে নেয়।”

ডেনজেল ওয়াশিংটন পরিচালিত ‘ফেন্সেস’ সিনেমায় অভিনয়ের জন্য চলতি বছরের পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছেন ভায়োলা ডেভিস। এর মাধ্যমে তিনি প্রবেশ করেছেন সেই বিরল অভিনয়শিল্পীদের তালিকায়, যারা অভিনয়ের ত্রিমুকুট, অর্থাৎ এমি, টনি এবং অস্কার- তিনটিই জয় করেছেন।