২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন ক্যাসি অ্যাফ্লেক

‘ম্যানচেস্টার বাই দ্য সি’-এর জন্য ২০১৭’র সেরা অভিনেতার মুকুট জয় করে নিয়েছেন ক্যাসি অ্যাফ্লেক। কিন্তু ২০১০ সালে করা এক যৌন হয়রানির মামলা অনেকটাই ম্লান করে দিয়েছে তার এ অর্জনকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 09:09 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরে ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ)-এর মতো অভিনেতাদের পেছনে ফেলে অস্কার জয় করেন ক্যাসি অ্যাফ্লেক। কিন্তু অস্কার জয়ের জৌলুস মিলিয়ে না যেতেই বিতর্কের মুখে পড়লেন এ অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২০১০ সালে ক্যাসির পরিচালিত এক্সপেরিমেন্টাল সিনেমা ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর দুই অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করে। তাতে বলা হয় এক অভিনেত্রীর সম্মতি ছাড়াই তার উপর চড়াও হন ক্যাসি। অন্যজন অভিযোগ করেন তাকে হোটেল রুমে জোর করে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন ক্যাসি।

বোস্টন গ্লোবকে দেয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে ক্যাসি বলেন, “আমার মনে হয় সঠিকভাবে না জেনে কাউকে নিয়ে কিছু বলা ঠিক নয়। একজন অভিনেতাকে তার কর্মক্ষেত্রে প্রাপ্য সম্মানটুকু দেয়া উচিত।” এ সময় যৌন হয়রানির সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি।

যৌন হয়রানির মামলায় অভিযুক্ত কারও অস্কারজয়ের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ধর্ষণের দায়ে অভিযুক্ত রোমান পোলানস্কিও অস্কার জিতেছেন।