২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে সালমান খানের সিনেমা’

পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর জন্য বলিউডকে এবং বিশেষভাবে সালমান খানের সিনেমাকে দায়ী করলেন পাকিস্তানী অভিনেত্রী রবি পীরজাদা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 08:18 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

ক’দিন আগেই সালমান খানকে ‘ছ্যাঁচড়া’ বলে আলোচনায় এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কুমার। ‘গুড মর্নিং জিন্দেগী’ নামের একটি কমেডি তারকালাপ অনুষ্ঠানে সালমান খানকে নিয়ে এমন বিদ্রূপ করতে দেখা গেছে তাকে। এবারে জনপ্রিয় তারকা সালমান খানকে নিয়ে মন্তব্য করলেন আরেক পাকিস্তানি অভিনেত্রী রবি পীরজাদা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি পাকিস্তানী গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে দেওয়া এক সাক্ষাতকারে এ তারকা বলেন, “এ মুহূর্তে বলিউডে যে সব সিনেমা মুক্তি পাচ্ছে তার প্রায় সবগুলোই সন্ত্রাসী কর্মকান্ডকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছে। এ সিনেমাগুলো আমাদের কী শিক্ষা দিচ্ছে? কেমন করে অরাজকতা তৈরি করতে হয় এবং কেমন করে গ্যাংস্টার হতে হয়- এসবই শেখাচ্ছে এগুলো। বিশেষ করে সালমান খানের সিনেমাগুলো।”

পীরজাদা আরও বলেন, “এক সময় পাকিস্তানী সিনেমা অনেক জনপ্রিয় ছিলো। সে সিনেমাগুলোতে নীতি-নৈতিকতার শিক্ষা দেওয়া হতো। সামাজিক ও পারিবারিক সুন্দর গল্প নিয়ে সিনেমা তৈরি হতো। কিন্তু বলিউড সিনেমাগুলোতে কেবলই সন্ত্রাসী হওয়ার শিক্ষা দিচ্ছে আমাদের। পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে সালমান খানের সিনেমাগুলো।

জনপ্রিয় বলিউড তারকা সালমান খান ভারত ও পাকিস্তান দু’দেশেই তুমুল জনপ্রিয়। রবির এ মন্তব্য উসকে দিতে পারে ভারত-পাকিস্তান তারকা দ্বন্দ্বকে-এমনটাই ধারণা করছেন সবাই।