আসছে ‘আমার একলা আকাশ’
জীবনকে নতুন রূপে উপভোগের জন্য একজন মাঝবয়সী নারীর চেষ্টা ও তার যাপিতজীবনের সকল বাধা অতিক্রমের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার বিষয় ঘিরেই নির্মিত এই নাটক।
জীবনে কখনো কখনো নতুন সর্ম্পকের কারনে পুরনো সর্ম্পকগুলোর সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হওয়ার ঘটনাকে উপজীব্য করেই নির্মিত নাটক ‘আমার একলা আকাশ’। নাটকটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাস।
নাটকের গল্পে দেখা যাবে, খুব অল্প বয়সে আশার বিয়ে হয়ে যায়। ফলে পরিবারের বাইরে তার জীবনে নিজস্ব ভুবনের কোনো অস্তিত্ব থাকে না। মায়ের একাকিত্ব কিছুটা ঘুচিয়ে আধুনিক সময়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তার মেয়ে ভাবনা মাকে ফেইসবুকে একটি অ্যাকাউন্ট খুলে দেয়। সেই ফেইসবুক অ্যাকাউন্টে হঠাৎ একদিন হৃদয়ের সঙ্গে আশার পরিচয় হয়। ঘটনাক্রমে হৃদয়ের সঙ্গে বন্ধুত্বের কারনে জীবনের হারিয়ে যাওয়া আনন্দগুলো পুনরায় ফিরে আসে আশার। কিন্তু হঠাৎ করে নিজের চিরচেনা জগৎ থেকে বেরিয়ে নতুন বন্ধুর সঙ্গে সর্ম্পকের কারনে তার জীবনে শুরু হয় প্রতিবন্ধকতার নতুন অধ্যায়। এমনই নাটকীয়তার মাধ্যমে এগিয়েছে নাটকের কাহিনি।
‘আমার একলা আকাশ’ নাটকটিতে অভিনয় করেছেন তারিন জাহান, তাসনুভা তিশা, মানস বন্দোপাধ্যায়, সেহজাদ ওমর প্রমুখ।
‘আমার একলা আকাশ’ চিত্রনাট্য লিখেছেন নিলা মাহমুদ। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।
সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে খণ্ড নাটকটি।
ছবি: ‘আমার একলা আকাশ’ নাটকের দৃশ্য নির্মাতার সৌজন্যে
