ওম পুরিকে আমরা সম্মান দিতে পারিনি: নওয়াজ উদ্দিন
অস্কারে সম্মানিত হলেও ভারতীয় পুরস্কার মঞ্চে উপেক্ষিত রয়ে গেছেন প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরি, এমনটাই দাবি করছেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি।
৮৯ তম অস্কার আসরে হলিউডে বিশেষ অবদানের জন্য স্মরণ করা হয়েছে ওম পুরিকে। তিনিই প্রথম কোনো ভারতীয় অভিনেতা যাকে অস্কার মঞ্চে এভাবে সম্মানিত করা হলো। অস্কারের ঘোষণাপত্রে বলা হয়, “একমাত্র ভারতীয় অভিনেতা যিনি একাধারে হলিউড ও ব্রিটিশ সিনেমায় ২৫ বছর ধরে তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।”
অস্কার মঞ্চে বিশেষভাবে স্মরণ করা হলেও খোদ ভারতীয় ইন্ড্রাস্ট্রিতে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি এ শক্তিমান অভিনেতাকে- এমনটাই মনে করেন তার ‘বজরঙ্গী ভাইজান’ সহঅভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি।
সম্প্রতি টুইট পোস্টে নওয়াজ লিখেছেন, “অস্কার আসরে সম্মানিত করা হয়েছে প্রয়াত অভিনেতা ওম পুরিকে। কিন্তু ভারতীয় পুরস্কার আসরে এ শক্তিমান অভিনেতাকে নিয়ে কেউ একটা শব্দও উচ্চারণ করেননি। এটা খুই লজ্জার কথা।”
‘দ্য ঘোস্ট এন্ড দ্য ডার্কনেস’, ‘চার্লি উইলসন’স ওয়ার’, রোমান্টিক থ্রিলার ‘উল্ফ’ সহ বেশ কিছু হলউডি সিনেমায় অভিনয় করেছেন ওম পুরি।
