বলিউডকে বিদায় জানাতে চান না অমিতাভ!
কখনোই বলিউড থেকে বিদায় নেবেন না অমিতাভ বচ্চন- সম্প্রতি একটি ব্লগ পোস্টে অভিনয় নিয়ে নিজের পরিকল্পনার কথা লিখেছেন এ কিংবদন্তী অভিনেতা।
থেমে নেই বয়স। গত বছর পেরিয়েছেন ৭৪ এর কোঠা! তবুও যেন ক্লান্তি নেই বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনের। এ বয়সে এসেই সমানতালে রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন এ অভিনেতা। কবে বলিউডকে বিদায় জানাবেন বিগ বি?- এ প্রশ্ন অনেক ভক্তের। এবারে নিজেই সে প্রশ্নের উত্তর দিলেন এ অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি নিজের ব্লগে একটি পোস্টে অমিতাভ লিখেছেন, “অনেকেই আমাকে প্রশ্ন করেন কবে আমি অভিনয় থেকে অবসর নেব? আমি তাদের বলবো, আমি আসলে কখনোই অবসর নেব না! আজীবন অভিনয় চালিয়ে যাব। হয়ত আমার শরীর একদিন আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি আমার পেশাকে ছেড়ে যাব না।”
বিগ বি আরও লিখেছেন, “কর্মজীবনে অর্থ-যশ-স্বীকৃতি সবই পেয়েছি আমি। কিন্তু তবুও আমি তুষ্ট নই। আমি মনে করি ‘সাফল্য’ এমন এক জিনিস যার কোনো সংজ্ঞা হয় না। একেক জনের কাছে এর অর্থ একেক রকম। আমার কাছে সাফল্য হলো একটি উঁচু পাহাড়েরর চূড়া। যে চূড়ায় আরোহন করা হয়ে গেলে এর চেয়েও বড় চূড়ায় আরোহন করতে হয়।”
সবশেষে তিনি লিখেন “অবসর গ্রহণ করা মানে নিজেকে সীমাবব্ধ করে ফেলা। নিজের কাছে নিজের সাফল্যকে স্বীকার করে নেয়া। কিন্তু আমি এখনই আমার হিসেবের খাতা বদ্ধ করে দিতে রাজী নই। কে জানে সামনে হয়ত আরও বড় কিছু অপেক্ষা করে আছে!”
