ভালোবাসা দিবসে আসিফের উপহার!
প্রথমবারের মত দ্বৈত কন্ঠ গান করলেন সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী ও আসিফ আকবর। অনেক অনুষ্ঠানে দুইজনকে একই সঙ্গে গান গাইতে দেখা গেলেও এই প্রথমবার তারা কোন গানে দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন।
ভালোবাসা দিবস উপলক্ষে রবিবার থেকে রাজধানীর একটি স্টুডিওতে শুরু হয়েছে ‘অমন করে তাকিওনা ভালোবাসা হয়ে যাবে’ গানের রেকর্ডিং।
এ প্রসঙ্গে গ্লিটজকে আসিফ আকবর বলেন,“আমি এই প্রথমবার নুমা আপুর (ফাহমিদা নবী) সঙ্গে দ্বৈত কন্ঠে গান করলাম। প্রথমত গানটা অদ্ভুত সুন্দর। গানের কথা ও সুর অসাধারন। এই গানটিতে নুমা আপুকে (ফাহমিদা নবী) অন্যরকম একটা রূপে পাওয়া যাবে। সবসময় আমরা তাকে যেমন কন্ঠে পাই এইবার তার কন্ঠে এই গানটি শুনলে মনে হবে নুমা আপুর বয়স বুঝি একেবারে কমে ২২ কিম্বা ২৩ হয়ে গিয়েছে। অত্যন্ত রোমান্টিক ঘরানার এই গানে তার (ফাহমিদা নবী) অন্যরকম একটা গায়কী শ্রোতারা উপহার পাবেন।”
তাহলে কি একইভাবে নতুন অবতারে শ্রোতারা আসিফকে পাচ্ছেন? গ্লিটজের এমন প্রশ্নে হেসে কৌশলী উত্তর দিলেন ‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত এই গায়ক।
ছবি: তানজিল আহমেদ জনি
ছবি: তানজিল আহমেদ জনি
গানের কথা ও সুর করেছেন তরুণ মুনসী। সঙ্গীতায়োজন তানভীর দাউদ রনি ও তরুন মুনসী। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রযোজনা সংস্থা আর্ব এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ করা হবে।
