ফিল্মফেয়ারে বাংলাদেশি তারকারা!
ফিল্মফেয়ার পুরস্কার মানেই যেন ভারতীয় তারকাদের কাছে এক অনন্য প্রাপ্তি। এবার তাদের সঙ্গে এ পুরস্কারের দৌড়ে নামলো ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার কিছু চলচ্চিত্র।
যৌথ প্রযোজনা ফর্মুলার চলচ্চিত্রের সাফল্যের বছর ছিলো ২০১৬। এ বছরই মুক্তি পায় বাংলাভাগের বেদনা নিয়ে নির্মিত গৌতম ঘোষের ‘শঙ্খচিল’। শাকিব-শ্রাবন্তী অভিনীত দারুন ব্যবসাসফল চলচ্চিত্র ‘শিকারী’। ওম কে সঙ্গে নিয়ে নবাগতা নুসরাত ফারিয়ার `হিরো ৪২০’ আর আরিফিন শুভ-জলির ‘নিয়তি’চলচ্চিত্র দু’টিও দুইবাংলার চলচ্চিত্র দর্শকদের বিনোদিত করে।
ফিল্মফেয়ার পুরস্কারের বলিউড পর্ব শেষ করে এবার শুরু হচ্ছে টলিউডপর্ব। যৌথপ্রযোজনার হাত ধরে টলিউডি সিনেমার পাশাপাশি এবারের পুরস্কারের জন্য মনোনয়নের দৌড়ে সামিল হচ্ছে দুই বাংলার যৌথপ্রযোজনার চলচ্চিত্রগুলোও। সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কারের প্রতিযোগিতায় সামিল হতে মনোনয়নের জন্য লড়তে হবে চলচ্চিত্রগুলোকে। ফিল্মফেয়ার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এর জন্য দর্শকদের কাছেই হাত পাততে হচ্ছে সংশ্লিষ্টদের। এর মধ্যে তাই টলিউডের প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব, জিৎ, পাওলি, শুভশ্রী, স্বস্তিকাদের শুরু হয়ে গেছে স্ব স্ব চলচ্চিত্রের পক্ষে প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তাদের প্রচারণাও।
ফিল্মফেয়ার মনোনয়নের দৌড়ে তাই এবার সামিল বাংলাদেশের চলচ্চিত্র নক্ষত্ররাও। ‘শিকারী’র শাকিব খান, ‘শঙ্খচিল’এর কুসুম শিকদার, ‘হিরো ৪২০’র নুসরাত ফারিয়াও তাই শুরু করেছেন তাদের চলচ্চিত্রগুলোর প্রচারণা। প্রচারণা চালাচ্ছেন চলচ্চিত্রগুলোর নির্মাতারাও। প্রত্যেকের ফেসবুক দেয়ালে শোভা পাচ্ছে ফিল্মফেয়ারের দর্শকভোটের অনলাইন ফরম। দর্শকদের কাছে নির্ধারিত ফরম পূরণ করে নিজের চলচ্চিত্রকে মনোনয়ন পাইয়ে দেয়াই এখন প্রাথমিক যুদ্ধ। তবে, বাংলাদেশের হয়েও যৌথ প্রযোজনার হাত ধরতে হয়নি দুই বাংলায় সমানতালে এগিয়ে যাওয়া জয়া আহসান কে। কলকাতার নির্মাতা অরিন্দম শীলের নির্মাণে ‘ঈগলের চোখ’চলচ্চিত্রটির জন্য জয়াও আছেন এ তালিকায়।
মনোনয়ন প্রাপ্তির আগেই ফিল্মফেয়ারকে কেন্দ্র করে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনাও। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও গণমাধ্যমকর্মী রুম্মান রশীদ খানের তেমনই একটি সংশোধনী বার্তা শোভা পাচ্ছে জয়া আহসানের দেয়ালে।
যৌথপ্রযোজনার চলচ্চিত্রগুলো কিংবা এতে অভিনীত দেশি তারকাদের ভোট দিতে পারবেন ভক্তদের যে কেউ। ফিল্মফেয়ারের ওয়েবসাইট থেকে ভক্তের নাম এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে ভোট দেওয়া যাবে। দর্শকের পাঠানো ভোট বিবেচনার পাশাপাশি জুরিবোর্ডের দেওয়া নম্বর যোগ করে পরবর্তীতে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হবে।
