বক্সঅফিসে কেমন করলো ‘ভালোবাসা এমনই হয়’?
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে নির্মাতা তানিয়া আহমেদের সিনেমা ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’। বক্সঅফিসে সিনেমার ব্যবসায়িক হালচাল কেমন ছিলো সেই খবর জানতে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহের ব্যবস্থাপকদের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।
‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’ সিনেমার টিকেট বিক্রি গড়পড়তা হয়েছে, এমন কথাই শোনালেন রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক আক্তার।
তিনি বলেন, “বছরের দুই ঈদের সময়ের তুলনায় যেমন ধরণের ব্যবসা হয় তার তুলনায় এই সিনেমার টিকেট বিক্রির আয় কিছুটা ভালো হয়েছে। বলতে গেলে টিকেট বিক্রি গড়পড়তা হয়েছে। সিনেমাটি দেখতে সকল শ্রেণির দর্শকরা প্রেক্ষাগৃহে এসেছেন। তবে তরুণ দর্শকদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো যথেষ্ঠ ভালো।”
তিনি আরও বলেন, “সিনেমার গ্রহণযোগ্যতা তরুণ দর্শকদের কাছে বেশ ভালোই পেয়েছি। তাই আগামী সপ্তাহেও আমরা এই সিনেমাটি প্রদর্শণ করবো।”
টিকেট বিক্রির একই ধরনের চিত্র তুলে ধরলেন রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক রেজাউল করিম।
গ্লিটজকে তিনি বলেন, “টিকেট বিক্রির আয় গড়পড়তা বলা যায়। তবে সিনেমার নির্মাণ যথেষ্ট ভালো ছিলো। অভিনয়ের দিক থেকে সকলের অভিনয় ছিলো যথেষ্ট ভালো।”
অন্যদিকে গল্প, নির্মাণ ও অভিনয় ভালো হলেও খুব বেশি আয়ের মুখ দেখেনি সিনেমাটি, এমনটাই জানালেন রাজধানীর পুরানো ঢাকার চিত্রমহল প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ইকবাল ইউসফ।
গ্লিটজকে তিনি বলেন, “সিনেমার উপস্থাপন যথেষ্ঠ ভালো। কিন্তু প্রত্যাশা অনুযায়ী টিকেট বিক্রি হয়নি। তবে এটাও ঠিক বছরের দুই ঈদের সময় ছাড়া টিকেট বিক্রির আয় ভালো হয় না। তবে অনেক দিন পরে একটি ভালো নির্মাণশৈলির সিনেমা দেখলাম।”
একই চিত্র উঠে এসেছে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেছবাহ উদ্দিন আহমেদ-এর কথাতেও। গ্লিটজকে তিনি বলেন,“সিনেমার সবকিছু ভালো হলেও টিকেট বিক্রি গড়পড়তা হয়েছে।”
তবে সিনেমার ব্যবসা নিয়ে হতাশার কথা শোনা গেল রাজধানীর সনি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক সামাদ-এর বক্তব্যে।
গ্লিটজকে তিনি বলেন, “প্রত্যাশা অনুযায়ী সিনেমাটি থেকে ব্যবসা হয়নি। আমাদের প্রেক্ষাগৃহে যে শ্রেণির দর্শকরা সাধারণত আসেন তাদের কাছে সিনেমাটি গ্রহণযোগ্যতা পায়নি।”
‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম’-হ্যান্ডসাম দ্যা আলটিমেটম্যান’ খ্যাত ইরফান সাজ্জাদ ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। সিনেমায় ইরফান-মিম জুটি ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সারাদেশে ৬০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
