২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন ‘কিস্তিমাত’খ্যাত নির্মাতা!

বিয়ে করলেন ঢালিউডের তরুন নির্মাতা আশিকুর রহমান। রোববার সন্ধ্যায় গ্লিটজকে সুখবরটি শোনালেন তিনি নিজেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 08:55 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

গ্লিটজকে আশিকুর বলেন, “বলতে গেলে হঠাৎ করেই সবকিছু হয়ে গিয়েছে। আমাদের নতুন জীবনের যাত্রা শুরু হলো। সকলের কাছে আমরা দোয়া চাই।”

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর একটি চাইনিজ রেস্তোরায় পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’খ্যাত এই নির্মাতা। কনের নাম মেহের মৌরি। রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজে রির্সোস ম্যানেজম্যান্ট বিষয়ে পড়াশুনা করছেন তিনি। দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন তারা। পরবর্তীতে পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন আশিকুর-মৌরি।

বিয়ের পর্বটা হঠাৎ সম্পন্ন হয়ে গেলেও মধুচন্দ্রিমার পর্বটা একটু গুছিয়ে করার পরিকল্পনা করছেন এই নবদম্পতি।

এ প্রসঙ্গে আশিকুর বলেন, “মধুচন্দ্রিমায় কোথায় যাবো তা নিয়ে প্রতিদিনই আমাদের দুইজনের মধ্যে পরিকল্পনা চলছে। কিন্তু কোথায় যে যেতে পারি তা আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি। যেদিনই চূড়ান্ত করতে পারবো ঠিক তার পরের দিনই আমরা মধুচন্দ্রিমায় চলে যাবো।”

‘কিস্তিমাত’ সিনেমা নির্মাণের মাধ্যমে ঢালিউডের নির্মাতা হিসেবে অভিষিক্ত হন আশিকুর রহমান। তার নির্মিত ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘মুসাফির’ যথেষ্ট দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বতর্মানে তিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।