ভালোবাসা দিবসের উপহার ‘প্রেমী ও প্রেমী’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকাই সিনেমাপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি। বুধবার বিকেলে গ্লিটজকে খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন।
তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে সারাদেশে আমাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকাই সিনেমাপ্রেমীদের জন্য এটি হচ্ছে আমাদের পক্ষ থেকে একটি উপহার।”
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশেও মুক্তি পাচ্ছে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি।
এই প্রসঙ্গে গ্লিটজকে খোকন বলেন, “বাংলাদেশের পাশাপাশি একই দিনে কাতার, ফ্রান্স, মালয়শিয়া ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর মুক্তির এক সপ্তাহ পর ফেব্রুয়ারির ১৮ তারিখে কানাডায় মুক্তি পাবে সিনেমাটি।”
‘প্রেমী ও প্রেমী সিনেমাতে জুটিবেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সিনেমার গল্পে দেখা যাবে, লন্ডন ফেরত ফারিয়া তার প্রেমিকের সঙ্গে দেখা করতে কলকাতায় যেতে চায়। সেই প্রেমিককে খুঁজে বের করার দায়িত্ব গ্রহণ করেন শুভ। এরপর নানা নাটকীয়তায় এগুতে থাকে সিনেমার গল্প।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ।
