সনির বিরূদ্ধে আইনি লড়াইয়ে পল ম্যকার্টনি
বিটলস-এর আড়াইশ’রও বেশি গানের প্রকাশনা স্বত্ত্ব উদ্ধারের জন্য এবার সনির বিরূদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন স্যার পল ম্যাকার্টনি।
বিবিসি বলছে, নিজেদের গানের স্বত্ত্ব নিজেদের কাছে ফিরিয়ে আনতে পল ম্যাকার্টনির এই প্রচেষ্টা চলছে সেই আশির দশক থেকেই। ওই সময়ের এক নিলামে মাইকেল জ্যাকসন ম্যাকার্টনিকে হারিয়ে কিনে নিয়েছিলেন বিটলস-এর ২৬৭ টি গানের স্বত্ত্ব।
২০১৬ সালে প্রয়াত পপ সম্রাটের ঋণগ্রস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে গানগুলি কিনে নেয় সনি।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটানে সনির বিরূদ্ধে অভিযোগ দায়ের করেন ম্যাকার্টনি। এই মামলাটি করা হয়েছে ১৯৭৬ সালের মার্কিণ কপিরাইট আইনের আওতায়, যেখানে একটি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে রেকর্ডিং প্রতিষ্ঠানের কাছে থাকা গানের স্বত্ত্ব শিল্পীর নিজের হয়ে যায়।
একই প্রক্রিয়ায় গানের কপিরাইট নিজেদের অধিকারে নেওয়ার লড়াই চালিয়ে গেছেন প্রয়াত শিল্পী প্রিন্সও। সম্প্রতি এরকম একটি মামলায় ব্রিটিশ আদালতে হেরে যান ডুরান ডুরান।
তবে, ডুরান ডুরান-এর ওই মামলাটি যেহেতু যুক্তরাজ্যে হয়েছিল, সেকারণেই তিনি মামলায় হারেন বলে ধারণা করা হয়। কারণ, যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত কোনো ব্যাপারে যুক্তরাজ্য আইনত নাক গলাতে পারেনা।
তবে পল ম্যাকার্টনি মামলাটি করেছেন ম্যানহ্যাটানে; অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিয়ম মেনে যুক্তরাষ্ট্রের মাটিতেই অভিযোগটি দায়ের করেছেন তিনি। আর একারণেই তিনি সাফল্য পাবেন বলে ধারণা করছে পশ্চিমা গণমাধ্যমগুলো।
মামলার কাগজপত্রে লেখা আছে পল ম্যাকার্টনি চাইছেন নিভৃতে গানগুলির স্বত্ত্ব হস্তান্তর ঘটুক।
এদিকে সনি বলছে, ম্যাকার্টনির এই দাবি পুরোপুরি ‘অপ্রয়োজনীয়’ ও দুঃখজনক।
নিজেদের সংগীত ক্যারিয়ারের শুরুর দিকে অনেক গানেরই প্রকাশনা স্বত্ত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছিল বিটলস। শিল্পী হিসেবে গানের রয়্যালটি এখনও পান তারা, কিন্তু গানগুলো প্রকাশের স্বত্ত্ব তাদের কাছে নেই।
