‘নিজেকে ভাঙার এতো বড় সুযোগ আর পাবো না’
ক্যারিয়্যারের শুরু থেকেই পর্দায় ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও শাহিন সুমনের ‘পাগলের মত ভালোবাসি’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সুমিত সেনগুপ্ত।
‘মহুয়া সুন্দরী’ খ্যাত এই অভিনেতা বলেন, “একটা ছেলে কী করে জীবনের ইতিবাচক অধ্যায়ের পাঠ চুকিয়ে খলচরিত্রের মানুষ হয়ে যায় সেই বিষয়টাকে উপজীব্য করে আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনি। সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম চঞ্চল। যাকে সিনেমায় ঘটনাক্রমে একটি সময় খলচরিত্রে দেখা যাবে। আমার কাছে এই চরিত্রে অভিনয় খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের খলচরিত্রে অভিনয় করলে নিজেকে নিয়ে অনেক বেশি নিরীক্ষা করার সুযোগ থাকে। একই সিনেমায় একটি ভালো চরিত্র থেকে খলচরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙে ফেলার এতো বড় সুযোগ একজন অভিনেতার জীবনে খুব কমই পাওয়া যায়।”
সিনেমায় নিয়মিত অভিনয় করার পাশাপাশি টেলিভিশন বিজ্ঞাপনেও নিয়মিত মডেলিং করেন সুমিত। তবে দুটো মাধ্যমেই নাকি নিয়মিত থাকার ইচ্ছে রয়েছে তার।
গ্লিটজকে তিনি বলেন, “দুটো মাধ্যমেই একটি অন্যটির চেয়ে পুরোপরি আলাদা। কিন্তু আমি যেহেতু একজন অভিনেতা, তাই আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি কখনো কোনো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আবার কখনো কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে কেবলই তাদের পন্য হিসেবে বিবেচিত হই। কিন্তু সবক্ষেত্রেই আমাকে অভিনয় করতে হয়।”
সুমিত আরও বলেন, “তাছাড়া আমি সবসময় পর্দায় থাকতে চাই। যেন সকল শ্রেণির দর্শকরা আমাকে ছোট-বড় সকল ধরনের পর্দায় দেখতে পারেন। তাই আমার কাছে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন কিংবা সিনেমা- এসবের মধ্যে কোনো ধরনের পার্থক্য খুঁজে পাইনা।”
এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “সত্যি বলতে বছরে দুটো করে সিনেমায় অভিনয়ের পরিকল্পনাই রয়েছে। যদিও এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রকৃতপক্ষে আমাদের সিনেমা শিল্পে আশানুরূপভাবে তেমন খুব বেশি ভালো সংখ্যক সিনেমা বর্তমানে নির্মাণ হচ্ছে না। তাই সারা বছর ভালোমানের গল্প, ভালো প্রযোজনা সংস্থা সবকিছু মিলিয়ে বছরেই দুটো ভালো সিনেমায় অভিনয়ের প্রস্তাবই আমার কাছে আসে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।”
বর্তমানে তার অভিনীত রয়েল খানের ‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানহা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে।
