সিনেমার জন্য এক রুপি পারিশ্রমিক নিলেন যে অভিনেতা
নতুন সিনেমা ‘হারামখোর’-এর জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ রুপি নিয়েছেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি।
হিন্দি সিনেমার অভিনেতারা যেখানে কোটির নিচে কথাই বলেন না, সেখানেই কিনা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর এমন দরপতন! অনেকের কাছে অবিশ্বাস্য হলেও, ‘হারামখোর’-এ কাজ করার জন্য ঠিক এটাই করেছেন তিনি।
সালমান খান-এর পারিশ্রমিক ৬০ কোটি রুপি। আমির খান নেন ছবিপ্রতি ৫০ কোটি রুপি করে। ছবিভেদে শাহরুখ খান-এর পারিশ্রমিক ওঠানামা করে ৪০-৪৫ কোটি রুপির মধ্যে। আর একারণেই তাদের অভিনীত ছবিগুলোর বাজেট অধিকাংশ সময়েই ছাড়িয়ে যায় শত কোটি রুপির অঙ্ক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মুদ্রানীতিতেও এই নিয়মের বদল ঘটেনি বলিউডে। খানদের সিনেমা বানাতে প্রযোজকদের অর্থ জলের মতোই খরচ হচ্ছে এখনও।
তবে নিজের নতুন সিনেমা ‘হারামখোর’-এর নির্মাতাদের এমন বিপদে ফেলতে চাননি নওয়াজ উদ্দিন। শ্লোক শর্মার ছোট বাজেটের এই সিনেমার গল্প ছিল ছাত্রীর সঙ্গে বয়সে বড় এক শিক্ষকের প্রেম এবং তার পরবর্তী জটিলতা নিয়ে। সিনেমাটির চিত্রনাট্য পড়ে নাকি এতোটাই মুগ্ধ হন নওয়াজ উদ্দিন, যে পারিশ্রমিকের চিন্তা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলেন তিনি।
সিনেমাটির প্রযোজক গুনিত মোংগা বলেন, “শুরুতেই নওয়াজের এই সিনেমার স্ক্রিপ্ট বেশ পছন্দ হয়ে যায়। তাই সামান্য পারিশ্রমিকেই কাজ শুরু করে দেন তিনি। আসলে এই সিনেমাতে একটি প্যাশন কাজ করেছে। নওয়াজ সেটা বুঝতে পেরেছিল। আর ও এত সহৃদয় যে মাত্র এক রুপি পারিশ্রমিক নেয় ‘টোকেন মানি’ হিসেবে!”
‘হারামখোর’-এ নওয়াজ-এর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৩ জানুয়ারি।
