দৃশ্যধারনের সময় কাঁদলেন বুবলি!
১২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে বিএফডিসির কড়ই তলায় শুরু হয়েছে শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ সিনেমার দৃশ্যধারনের কাজ। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি। কিন্তু দৃশ্যধারনের প্রথম দিনেই ক্যামেরার সামনে কাঁদলেন বুবলি।
তাহলে কি নায়কের সঙ্গে কোন ঝগড়া হয়েছে গ্লিটজের এমন প্রশ্নে বুবলি তো হেসেই খুন! তিনি বলেন, “আসলে বিষয়টি মোটেই তেমন নয়। আজ আমাদের ‘অহংকার’ সিনেমার প্রথম দিনের দৃশ্যধারনের কাজ চলছে। সিনেমায় আমি তো খুবই অত্যাচারী একজন মানুষ। কিন্তু ঘটনাক্রমে আমার ভিতরে এক ধরনের মানবতাবোধ ও আত্মশুদ্ধি জাগ্রত হয়। আর সেই বোধের জায়গা থেকেই সিনেমার একটি দৃশ্য আমাকে কাঁদতে দেখা যাবে। এখন সেই দৃশ্যের দৃশ্যধারন চলছে।”
‘তুষার কথাচিত্র’ প্রযোজিত ‘অহংকার’ সিনেমায় মায়া চরিত্রে অভিনয় করছেন বুবলি। তবে ‘বসগিরি’ ও ‘শ্যূটার’ সিনেমার চেনা লুক থেকে বেড়িয়ে সর্ম্পূণ নতুন অবতারে নাকি ‘অহংকার’ সিনেমায় দেখা যাবে তাকে।
সিনেমার মায়া চরিত্রের মত ব্যক্তিজীবনেও আত্মশুদ্ধির মত কোন ঘটনা ঘটেছিলো কি?
মিষ্টি হেসে বুবলি বলেন, “ব্যক্তিজীবনে আমি খুবই চুপচাপ স্বভাবের একজন মানুষ। আমি খুবই অল্প কথা বলি তবে শুধুমাত্র কাছের মানুষদের সঙ্গেই বলতে গেলে মন খুলে কথাবার্তা বলা হয়ে থাকে। অহংকার করার মত বিষয়গুলোর জীবনে স্থান দেওয়া কিংবা সেখান থেকে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার মত বিষয়গুলো আমার জীবনে কখনো ঘটেনি। সবসময় যে কোন ব্যাপারে পরিবারের সহযোগিতা নিয়েই আমার প্রতিটি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তাই কারো সঙ্গে অহংকার করে নিজের আত্নশুদ্ধির বিষয়টি এখনো জীবনে আসেনি।”
‘অহংকার’ সিনেমার মাধ্যমে শাকিবের সঙ্গে তৃতীয়বারের মত পর্দায় জুটি বাঁধলেন বুবলি।
