২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছেন অনন্ত জলিল!

ক্যারিয়্যারের শুরু থেকেই ঢাকাই সিনেমার আলোচিত মুখ অনন্ত জলিল। ২০১৪ সালের পর দুই বছর ঢাকাই চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। সেই বিরতি ভেঙে আরও একবার সিনেমায় ফিরছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 06:28 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে একটি কোমল পানীয়র পণ্যদূত হওয়ার অনুষ্ঠানে এমন খবরই শোনালেন ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এই তারকা।

গ্লিটজকে তিনি বলেন, “এতোদিন বাচ্চার জন্য পুরো সময় বরাদ্দ রেখেছিলাম। বর্তমানে আমার সন্তানের বয়স দুই বছর এক মাস। এখন আবার সময় এসেছে সিনেমায় কাজ করার। তাই এই বছরেই শুরু হচ্ছে আমার ‘দ্য স্পাই’ সিনেমার কাজ।”

গোয়েন্দা কাহিনি নির্ভর ‘দ্য স্পাই’-এ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তার স্ত্রী ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হবে ‘দ্য স্পাই’ সিনেমার দৃশ্যধারনের কাজ, এমনটাই জানালেন অনন্ত।

এবারের সিনেমায় কি তাহলে অনন্ত জলিলকে জেমস বন্ডের মতো কোনো চরিত্রে দেখা যাবে? 

অনন্তর উত্তর, “সিনেমার গল্প জেমস বন্ডের গল্পগুলোর মত হতেও পারে আবার নাও হতে পারে। গোয়েন্দা গল্প গুলো যেমন ধরনের হয় তেমনি গল্পের সিনেমা হবে এটি।”

২০১৫ ও ২০১৬ সালে বড়পর্দায় নিজে অনুপস্থিত থাকলেও সিনেমার ব্যবসার হালহাকিকত সম্পর্কে ঠিকই খোঁজখবর রেখেছেন তিনি। গেল বছর ঢালিউডে অবস্থা তার মতামত কী, জানতে চাইলে দিলেন ইতিবাচক প্রতিক্রিয়াই।

বলেন, “আমার কাছে মনে হয়ে ২০১৬ বছরটা সিনেমার জন্য খুবই ভালো গিয়েছে। ‘আয়নাবাজি’ সিনেমাটি তো একটা ধামাকা তৈরি করে দিয়েছে। আমাদের দেশে এভাবেই যদি একটা করে সিনেমা সুপারহিট হতে শুরু করে, তাহলে তো সিনেমার ক্ষেত্রে বাংলাদেশ একদিন ইতিহাস তৈরি করে ফেলবে!”

২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য র্সাচ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিনেতা হিসেবে অভিষিক্ত হন অনন্ত জলিল। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বর্ষা ও ববি। এরপর থেকে অনন্ত-বর্ষা জুটি বেঁধে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পীড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ‘মোস্ট ওয়েলকাম-২’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন।