২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমীতে ‘অচীন দ্বীপের উপাখ্যান’

বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ নাট্যমঞ্চে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক ‘অচীন দ্বীপের উপাখ্যান’। ড. মুকিদ চৌধুরীর রচনা ও নির্দেশনায় দেউন্দি চা-বাগানের প্রতীক থিয়েটারের পরিবেশনায়‘দি টেম্পেস্ট’ অনুসৃত এই নাটকটি ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পশৈলীর অংশ হিসেবে মঞ্চস্থ হবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 05:57 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

নাটকটি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘দ্য টেম্পেস্ট’-এর অনুকরণে নির্মিত হয়েছে। এর কাহিনীতে দেখা যাবে রাঢ়ের অধিপতি বিজয় সিংহ রাজত্ব থেকে নির্বাসিত হলে কন্যা সুকৃতির সঙ্গে তাদের ভাসিয়ে দেওয়া হয় বঙ্গপোসাগরে। ভাসতে ভাসতে তারা সিংহল দ্বীপে এসে আশ্রয় নেন। অনেক বছর পর একদিন হঠাৎ যুবরাজ সুখময় সৈন্য, রাজভ্রাতা দয়াল সৈন্য, অঙ্গরাজ্য রাঢ়ের অধিপতি সুমিত্র সিংহ (বিজয় সিংহের ভাই), প্রবীণ অমাত্য গঙ্গা আর অনেক দলবলসহ প্রাচ্য-গঙ্গার মহারাজাধিরাজ উগ্রসৈন্যের বিশাল নৌকা- বঙ্গপোসাগরে, সিংহলের পথে, প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে।

ঠিক তখনই আরোহীদের চিৎকারে রাঢ়ের প্রকৃত রাজা বিজয় সিংহকে তাঁর কন্যা সুকৃতি অনুরোধ জানায় তাঁদের রক্ষা করার জন্য। সুকৃতিসহ রাজা বিজয় সিংসকে কীভাবে তাকে নির্মূল করার জন্য প্রাচ্য-গঙ্গার মহারাজাধিরাজ উগ্রসৈন্য রাঢ় থেকে বিতাড়িত করেছিলেন, তা বর্ণনা করেন। সুকৃতির মান-অভিমানের কারণেই তাঁর পিতা স্বীকার করেন যে, তিনিই তার পুরনো শত্রুদের সুকৌশলে এই দ্বীপে নিয়ে এসেছেন, উচিত শিক্ষা দেওয়ার জন্য। গল্প মোড় নেয় অন্যদিকে।

‘অচিন দ্বীপের উপাখ্যান’ সম্পর্কে ড. মুকিদ চৌধুরী বলেন, “এ নাটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখানো হয় যে, একই ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা করা যায় ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গি, জাতিগত মানদন্ড ও মূল্যবোধ অনুসারে। যেখানে গৃহীত মূল্যবোধ পরিবর্তিত হয় পুনঃস্থাপনের ওপর ভর করে, যা চিহ্নিত করে একটি পুনঃনির্মাণ কাঠামো। আর এই পুনঃর্র্নিমাণ কাঠামো তৈরি হয় একটি সংস্কার-ধারার মাধ্যমে। ‘অচিন দ্বীপের উপাখ্যান’-এর মাধ্যমে দেখানো হবে, ‘নাটকই গণমানুষের মুক্তির হাতিয়ার’। তাই দরিদ্র চা-জনগোষ্ঠী শিক্ষা-দীক্ষা ও সংস্কৃতিতে একদিন বাঙ্গালীর সামনে দাপটের সঙ্গে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে সেটাই হবে এ নাটকের প্রত্যাশা।”