জানুয়ারির তৃতীয় সপ্তাহে আসছে ‘তুখোড়’
মিজানুর রহমান লাবু নির্মিত নতুন সিনেমা ‘তুখোড়’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি।
গ্লিটজকে মিজানুর রহমান লাবু বলেন, “শুক্রবার (৬ জানুয়ারি) আমাদের সিনেমাটি মুক্তির দিনক্ষণ অনেক আগে থেকেই নির্ধারিত থাকলেও ব্যবসার জন্য যেসব সিনেমাহল আমরা চাচ্ছিলাম, সেগুলোর মধ্যে অনেকগুলোর সঙ্গে আমরা শেষ মুহূর্তে এসে সময় মেলাতে পারছিলাম না। তাই অবশেষে ব্যবসার স্বার্থে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছি।”
তিনি আরও বলেন, “সিনেমার পোস্টার দেখার পর থেকেই বিভিন্ন বুকিং এজেন্টদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। অন্যদিকে অনলাইনে সিনেমার টিজার প্রকাশের পরেও ‘তুখোড়’কে ঘিরে সকল শ্রেণির দর্শকের মধ্যে আগ্রহ দেখেছি। তাই আমরা সবকিছু বিবেচনা করে সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তির দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।”
‘তুখোড়’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের নবাগত নায়ক শিবলী নওমান ও কলকাতার রাতশ্রী দত্ত। এই সিনেমায় মাধ্যমে প্রথমবারের মত ঢালিউডে অভিনয় করছেন রাতশ্রী।
সিনেমায় অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান প্রমুখ।
সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হক রাজীব। নির্মাণের পাশাপাশি সিনেমার চিত্রনাট্যর কাজটি করেছেন লাবু নিজেই।
চলতি মাসের তৃতীয় শুক্রবার সারাদেশে সিনেমাটি প্রায় ৭০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে সিনেমাটির ৫৮ সেকেন্ডের টিজার।
