ইস্তাম্বুল নাইটক্লাবে হামলা: আবিজ রিজভি নিহতের ঘটনায় বলিউডে শোক
১ জানুয়ারি ইস্তাম্বুলের নাইট ক্লাবে বোমা হামলায় নিহত হয়েছে প্রায় ৩৯ জন। এর মধ্যে রয়েছে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক আবিজ রিজভি। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বলিউডজুড়ে।
আবিজ রিজভি’র এরকম ভাবে হঠাত চলে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার কাছের মানুষেরা। বলিউড তারকারা তাদের টুইটার অ্যাকাউন্টে প্রয়াত তারকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও সন্ত্রাসী হামলার নিন্দা করে পোস্ট দিয়েছেন।
অভিনেতা রনদীপ হুডা লিখেছেন,“দু:খজনক। জীবন আসলে খুবই ছোট। আবিজ রিজভি তুমি যেখানেই আছো, ভালো থেকো। তোমার পরিবারকে জানাই সমবেদনা।” আরেক অভিনেতা জাভেদ জাফরি লিখেছেন, “আজ সকালেই খবরটা শুনলাম। আবিজ আমাদের ছেড়ে চলে গেছে। ইস্তাম্বুলের ভয়াবহ সন্ত্রাসী হামলা কেড়ে নিলো একটি তাজা প্রাণ”
অভিনেত্রী পূজা ভাট লিখেছেন,“খবরটি শোনার পর থেকেই স্তব্ধ হয়ে গেছি। সন্ত্রাসী হামলা কেড়ে নিলো আরও একটি জীবন। আবিজের পরিবারের প্রতি সমবেদনা রইলো। চিরবিদায় বন্ধু।” অভিনেত্রী রাভিনা ট্যান্ডন লিখেছেন, “চিরবিদায় আবিজ। তোমার জন্য ভালোবাসা। সৃষ্টিকর্তা তোমাকে স্বর্গবাসী করুন।”
প্রখ্যাত চিত্রপরিচালক মাধুর ভান্ডারকর এক আবেগঘন পোস্টে লিখেছেন, “আমার দীর্ঘদিনের প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। বন্ধু, তোমার কথা খুব মনে পড়বে। চিরবিদায় আবিজ।”
ইস্তাম্বুলের এ হামলায় আবিজ ছাড়াও নিহত হয়েছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার খুশি শাহ। তাদের মৃতদেহ ভারতে আনতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়।
আবিজ রিজভি প্রযোজিত সর্বশেষ ছবি ‘রোয়ার: টাইগারস অব সুন্দরবন’। এটি মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। এ ছাড়া ‘হি-ম্যান’ ও ‘টি ফর তাজমহল’ নামে আরও দু’টো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।
