‘ওয়ান ওয়ে রোড’এ ওরা তিন জন!
প্রেমিককে বিশ্বাস করে তার সঙ্গে নতুন জীবনের সূচনার জন্য ঘর থেকে পালিয়ে যায় এক তরুণী। কিন্তু প্রয়োজনের মূর্হুতে প্রেমিকের অনুপস্থিতি এবং ঘটনাক্রমে প্রেমিকের এক বিরক্তিকর বন্ধুর উপস্থিতি- এমনই গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘ওয়ান ওয়ে রোড’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
নাটকটি প্রসঙ্গে রাফাত বলেন, “আমাদের জীবনে এমন কিছু মূর্হুত আসে যখন আমরা সেখান থেকে আর ফিরে আসতে পারি না। তখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়ে। মূলত সেই বিষয়টি এই নাটকে ফুটে উঠেছে।”
নাটকটির প্রধান তিন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, আরফান অনিক ও ফারহান আহমেদ জোভান। গল্পের প্রয়োজনেই এই তিনজনকে নির্বাচন করা হয়েছে বলে দাবি নির্মাতার।
গ্লিটজকে তিনি বলেন, “কোনো ধরণের ফেইসভ্যালুর জন্য এখানে অভিনয়শিল্পীদের কাস্টিং করা হয়নি। বরং এই নাটকের গল্পের প্রয়োজনে চরিত্রের চরিত্রায়নের জন্য যেমন ধরনের অভিনয়শিল্পী প্রয়োজন, ঠিক তাদেরকেই নির্বাচন করা হয়েছে।”
নাটকে নীলা চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী। এই নাটকে সর্ম্পূণ নতুন অবতারে নাকি তাকে দেখা যাবে, এমনটাই দাবী তার।
বলেন, “আমি এর আগে এমন ধরনের আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছি যেগুলোতে আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে তেমন কোন পার্থক্য ছিলো না। কিন্তু এই নাটকের গল্পটা একটু ব্যতিক্রমধর্মী। ফলে এই নাটকে আমি যে চরিত্রে অভিনয় করেছি এমন ধরণের চরিত্রে অভিনয় আমার এইবারই প্রথম। এই নাটকে সর্ম্পূন নতুন অবতারে আমাকে ভক্তরা দেখতে পাবেন।”
এছাড়াও নাটকে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে কিছুটা ইঙ্গিতও দিলেন মেহজাবিন।
তিনি বলেন, “সাধারণত বাঙালি মেয়েরা যেমন ধরণের মনমানসিকতার হয়ে থাকে নাটকে আমি ঠিক তেমনি একজন। মনে প্রাণে মেয়েটি সবসময় ভাবে যার সঙ্গে প্রেম তার সঙ্গেই বিয়ে হবে। ঘটনাক্রমে আমার প্রেমিক হারিয়ে গেলে সেই মূর্হুতে আমার পাশে আমার প্রেমিকের বন্ধুকে পেয়ে যাই। তখনই মেয়েটা জীবনের নতুন মোড়ের সম্মুখীন হয়। এমনই নাটকীয়তায় এগিয়ে গিয়েছে আমার অভিনীত চরিত্রটি। তবে এই নাটকের গল্পটি মোটেও প্রেমের গল্প নয়।”
নাটকে রায়হান চরিত্রে অভিনয় করেছেন আরফান অনিক।
নিজের অভিনীত চরিত্র সর্ম্পকে গ্লিটজকে তিনি বলেন, “আমার সঙ্গে নীলার (মেহজাবিন চৌধুরী) খুব ভালো একটি সর্ম্পক থাকে। তাকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পাওয়ার জন্য আমি অনেক ধরনের কৌশল অবলম্বন করি। আমার সকল কাজে আমার বন্ধু মিজান (জোভান) আমাকে সহযোগিতা করে। কিন্তু একটি পর্যায়ে গিয়ে আমার আর নীলার মধ্যেকার সর্ম্পকের মধ্যে নতুন মোড় চলে আসে। বলতে গেলে বন্ধুত্ব, প্রেম ও সম্পর্কের মধ্যেকার রসায়নের গল্পটি আমার অভিনীত চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।”
অন্যদিকে নাটকে মিজান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ক্যারিয়্যারে প্রথমবারের মত নাকি নাটকে এমন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বলেন, “আমার ব্যক্তিগত জীবনে আমি যেমন চরিত্রের মানুষ, এই নাটকে ঠিক তার বিপরীত চরিত্রের একজন মানুষের চরিত্রে অভিনয় করছি। যা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আমার অভিনীত চরিত্রটি এমনই যে মানুষটি সব সময় পৃথিবীর সকল কিছুকে খুব পজেটিভভাবে গ্রহন করে থাকে। তবে জীবনের যে কোন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বার্তাটাই আমার অভিনীত চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।
নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। আর নাটকের গল্প লিখেছেন রিয়াদ বিন মাহবুব।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও মগবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।
নাটকটি আরটিভিতে ২ জানুয়ারী রাত ৮টা ১০মিনিটে প্রচারিত হবে বলেও গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা।
