২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা রাখেননি সালমান!

‘মাটির মানুষ’ হিসেবে সালমান খানের একটা খ্যাতি রয়েছে বলিউডে। সবাই বলেন, সালমান এক বার কাউকে কোনও প্রতিশ্রুতি দিলে, সেটা অবশ্যই রাখেন। তবে একজন মানুষের সাথে কিন্তু এরকমটা করেননি তিনি। ইন্দোরের মেয়ে মণীষা আজও তার পথ চেয়ে বসে আছে। সালমানেরই দেওয়া একটি ১০০০ টাকার নোট আঁকড়ে তিন বছর ধরে তিনি অপেক্ষা করছেন, কবে সালমান তার দাদীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

২০১৩ সালের কথা, নিজের অভিনীত ‘জয় হো’ সিনেমাটির জন্য তার জন্মস্থান ইন্দোর গিয়েছিলেন সালমান। সেখানে গিয়ে নিজের জন্মের সময় তার দাই-এর ভূমিকা পালন করা ওই শহরেরই এক নারী, রুক্মিনীকে খুঁজে বের করেন তিনি। প্রসব থেকে শুরু করে সদ্যোজাত সালমান-এর গায়ে তেল মালিশ করা পর্যন্ত সমস্ত দায়িত্বই পালন করেছিলেন এই রুক্মিনীই।

রুক্মিনী তার দুই নাতনিকে নিয়ে এক হোটেলে গিয়ে দেখা করেন সালমান-এর সাথে। সেই দুই নাতনির মধ্যেই এক জন হলেন মণীষা।

সালমান-এর সাথে দেখা হওয়ার মুহূর্তটা আজও ভুলতে পারেননি তিনি, “সালমান স্যারকে  আমার খুব ভাল মানুষ বলে মনে হয়েছিল। বহু কষ্টে তার সঙ্গে দেখা করার জন্য পাঁচ মিনিট সময় পেয়েছিলাম আমরা। কিছু কথা বলার পরেই উনার পিএ এসে বললেন, এবার আমাদের যেতে হবে। কারণ বাইরে আরও অনেক মানুষ তার সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছেন। তখন সালমান আমার দাদির হাত ধরে বললেন, “আপনারা বসুন”।”

“তার পর নিজের পিএ-কে বললেন, বাকিদের অপেক্ষা করতে বলুন। আরও কিছুক্ষণ কথা বলার পরে যখন মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে ঢুকলেন তার ঘরে, তখন তিনি আমার দাদিকে জড়িয়ে ধরে বললেন, “আপনার দুঃখ এবার থেকে আমার দুঃখ। আপনি আমার সঙ্গে মুম্বাইয়ে এসে দেখা করবেন। নাতনিদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনও দুশ্চিন্তা করবেন না। ওদের যাবতীয় দায়িত্ব এখন থেকে আমার। ওদের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব।”  এরপর নিজের পিএ-কে দাদির নম্বর নিতে বললেন। তিনি নাম্বার নেওয়ার পরে সালমান বললেন, তিনি সময়মতো ফোন করবেন দাদিকে।”

এর পরেই হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন মণীষারা। সালমান-এর পিএ মণীষার দাদির হাতে হাজার কয়েক রুপি গুঁজে দেন। কিন্তু হোটেলের বাইরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে রুক্মিনীর হাত থেকে টাকা পড়ে যায়, রয়ে যায় কেবল একটি হাজার রুপির নোট। সেই হাজার রুপির নোট আঁকড়ে ধরেই তার পর থেকে সালমান-এর ফোনের অপেক্ষায় বসে রয়েছেন মণীষা। তার দৃঢ় বিশ্বাস, সালমান নিশ্চয়ই তার কথা রাখবেন। অভাবের সংসারে সকলের মুখে হাসি ফুটবে স্বপ্নের নায়কের কৃপায়।

কিন্তু তিন বছর কেটে গিয়েছে। সেই ফোন আজও আসেনি। মণীষা অবশ্য বলছেন, “সালমান স্যার খুব ভাল মানুষ। হয়তো কোনও কাজে ব্যস্ত রয়েছেন বলে যোগাযোগ করতে পারছেন না। কিন্তু এক দিন না এক দিন তিনি তার দেওয়া কথা ঠিকই রাখবেন।”