২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ মাইকেলের মৃত্যুতে শোকাহত বলিউড তারকারা

‘কেয়ারলেস হুইসপার’, ‘লাস্ট ক্রিস্টমাস’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। রোববার ক্রিসমাসের দিনে মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। আশির দশকের জনপ্রিয় পপ তারকা জর্জ মাইকেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 06:46 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

ভারতীয় সংগীতশিল্পী এ আর রাহমান, পাপন অঙ্গরাগ, কেকে, আদনান সামি, পরিচালক করন জোহর, অভিনেতা অর্জুন রামপাল, অভিষেক বচ্চন, প্রসেনজিৎ চ্যাটার্জী ও টুইঙ্কেল খান্নাসহ অনেকেই টুইটার অ্যাকাউন্টে লিখেছেন তাদের শোক বার্তা।

এ আর রাহমান তার টুইটার পোস্টে লিখেছেন, “চিরবিদায় জর্জ মাইকেল। তোমার সংগীত চিরদিন আমাদের পাশে থাকবে।”

সংগীতশিল্পী আদনান সামি লিখেছেন, “না, না, না! এটা বিশ্বাস করা সম্ভব নয় যে জ্রর্জ মাইকেল আর নেই! তার মতো এত বড় একজন শিল্পীর প্রস্থান মেনে নেয়া যায় না। তিনি ছিলেন বড় মাপের সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা। একজন বড় অনুপ্রেরণা।”

প্রখ্যাত চিত্রপরিচালক মধুর ভান্ডারকার লিখেছেন, “তোমান গান শুনেই আমরা বড় হয়েছি। সেই গান আজীবন সাথে থাকবে আমাদের।”

পরিচালক করন জোহর লিখেছেন, “কি নির্মম পরিহাস! ক্রিসমাসেই চলে গেলেন ‘লাস্ট ক্রিসমাস’ খ্যাত এ সংগীত তারকা। চিরবিদায় জর্জ মাইকেল। তোমার স্মৃতি চির অম্লান হয়ে থাকবে আমাদের হৃদয়ে।”

অভিনেতা অর্জুন রামপাল জর্জ মাইকেলের গানের শিরোনাম ধরেই লিখেছেন, “প্রথমে ‘ফেইথ’ এরপরে ‘ফ্রিডম’, শেষ পর্য্ন্ত ‘লাস্ট ক্রিসমাস’, এভাবেই চলে গেলেন তিনি।”

বলিউড তারকা অভিষেক বচ্চন লিখেছেন, “কারণ তোমার ছিলো ‘ফেইথ’, চিরবিদায় জর্জ মাইকেল।”

অভিনেত্রী টুইঙ্কেল খান্না লিখেছেন, “তার অসংখ্য পোস্টার এখনো আমার ঘরজুড়ে রয়েছে। এভাবেই জর্জ মাইকেল আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন আজীবন।”

টালিগঞ্জ তারকা প্রসেনজিৎ চ্যাটার্জী লিখেছেন, “জর্জ মাইকেল আমার অন্যতম প্রিয় সংগীতশিল্পী ছিলেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। চিরবিদায় মাইকেল।”

এ বছরের শুরু থেকেই এক এক বিদায় নিয়েছেন জনপ্রিয় তারকারা। এ তালিকায় এবারে যুক্ত হলো জর্জ মাইকেলের নাম। চিত্রপরিচালক  সৃজিৎ মুখার্জী তাই লিখেছেন, “২০১৬ আমাদের আরেক প্রিয় তারকাকে কেড়ে নিলো।”

২০১৬ ছিলো হলিউডের জন্য এক বিষাদময় বছর। বছরের শুরুতেই জনপ্রিয় সংগীত তারকা ডেভিড বোওয়ি’র মৃত্যু, এরপরে লেনার্ড কোহেন ও প্রিন্স-এর মৃত্যু। ২৫ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেলেন ‘ওয়েক মি আপ বিফোর ইউ্ গো গো’ খ্যাত সংগীত তারকা জর্জ মাইকেলও।