২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকেই নিয়মিত থাকতে চাই: অহনা

সিনেমার পর্দার চেয়ে টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তার অভিনীত পি এ কাজলের ‘চোখের দেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু সিনেমার তুলনায় টেলিভিশনে অভিনয় করতেই নাকি বেশি স্বচ্ছন্দবোধ বোধ করেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 07:06 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

গ্লিটজকে অহনা বলেন, “আমি চাই সবসময় প্রতিটি টেলিভিশনের পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখতে। নিজেকে কখনোই দর্শকের চোখের আড়াল করতে চাই না। দর্শকের চোখে পড়ার জন্য ধারাবাহিক নাটকে অভিনয়ের চেয়ে সেরা অন্য কিছু হতে পারে না।”

তাহলে বিশেষ দিবসের নাটকগুলোতে অনুপস্থিতি কেন? এমন প্রশ্নেও নিজের অবস্থান পরিস্কার করলেন তিনি।

বললেন, “আমার কাছে ধারাবাহিক ও খণ্ড নাটক দুটোই গুরুত্বর্পূণ। কিন্তু বিশেষ দিবসের নাটকে অভিনয় করলাম আর বাকি সময় টেলিভিশনের পর্দায় থাকলাম না, আমি কখনোই এমন সিদ্ধান্তের পক্ষে না। সবসময় দর্শকের চোখের সামনে থাকতে চাই। তাই বিশেষ দিবসের তুলনায় নিয়মিত ধারাবাহিক নাটকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তবে, আগামীতে ভালোবাসা দিবস উপলক্ষে সম্ভবত বেশ কিছু নাটকে অভিনয় করবো।”

২০০৮ সালে রাকিবুল আলম রাকিবের ‘চাকরের প্রেম’ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হন অহনা। এর পরে আট বছর বিরতি ভেঙে ২০১৫ সালে তার অভিনীত এফ আই মানিকের ‘দুই পৃথিবী’ । পরবর্তীতে ২০১৬ সালে অক্টোবর মাসে তার অভিনীত পি এ কাজলের ‘চোখের দেখা’ সিনেমাটি মুক্তি পায়।

তিনটি সিনেমার পরও বড় পর্দাকে এখনও বুঝে উঠতে পারেননি বলেই জানালেন তিনি।

তিনি বলেন, “আমি আসলে সিনেমাটা এখনও বুঝে উঠতে পারি নি। সত্যি বলতে, আমি জানি না, সিনেমা আসলে কী? যদি কখনও সিনেমাকে পুরোপুরি বুঝতে পারি তাহলেই সিনেমায় নিয়মিত থাকবো। তবে আমি সবসময় নাটককেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। আমি নাটকেই নিয়মিত থাকতে চাই।”

বতর্মানে তিনি মীর সাব্বিরের ‘নোয়াশাল’, ফরিদুর হাসানের ‘কমেডি ৪২০’, কায়সার আহমেদের ‘রুপালী প্রান্তর’, এস এ হক অলিকের ‘আয়না ঘর’ নামের ধারাবাহিক নাটকগুলোর অভিনয় নিয়ে বেশ ব্যস্ত।

রেজানুর রহমানের ‘ছেঁড়াপাতা’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষিক্ত হন অহনা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘হার্টে ডু ডু’, ‘খড়ম’, ‘একদিন স্বপ্ন রঙিন’, ‘দখিনা পবন’, ‘আমেরিকা টু আশুলিয়া’ ইত্যাদি।