যৌন হয়রানি মামলার শুনানি প্রকাশে অনিচ্ছুক সুইফ্ট
ডিজে ডেভিড মুলারের বিরুদ্ধে আনা যৌন হয়রানি মামলার শুনানি জনসমক্ষে প্রকাশ করতে চাইছেন না সংগীত তারকা টেইলর সুইফট।
টিএমজি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৩ সালে একটি কনসার্ট মঞ্চের পেছনে এ হয়রানির শিকার হন সুইফ্ট। সে সময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন মুলার।
এ ঘটনায় মামলা দায়ের করেছিলেন সুইফ্ট। জুলাই মাসে সে মামলার শুনানিও সম্পন্ন হয়েছে। কিন্তু এ শুনানির কপি জনসমক্ষে প্রকাশ করা থেকে বিরত থাকতে অুনরোধ করেছেন এ তারকা।
আদালতে বিচারকের উদ্দেশ্যে সুইফ্ট বলেন, “শুনানি প্রতিবেদনে আমার ব্যাক্তিগত জীবনের এমন কিছু তথ্য আছে যা সবার সামনে প্রকাশিত হলে তা আমার জন্য হুমকির কারণ হতে পারে। আমার ব্যাক্তিজীবনকে বিপদের মুখে না ফেলার জন্য অনুরোধ করছি।”
সুইফ্টের আইনজীবীর পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, “যারা ইতোমধ্যেই সুইফ্টের প্রাণনাশের চেষ্টা করেছে, শুনানি প্রতিবেদন প্রকাশিত হলে তাদের জন্য কাজটি আরও সহজ হবে।”
সুইফ্টের এ আর্জির জবাবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আদালত।
