‘বাকশক্তিহীণ তরুণীর ভূমিকায় অভিনয় করাটা ছিল চ্যালেঞ্জিং’
ঈশ্বরে বিশ্বাসী এক তরুনের জীবনে ঘটনাক্রমে আগমন ঘটে এক বাকশক্তিহীন একজন তরুণীর। গীর্জায় প্রার্থনা করতে গিয়ে একদিন হঠাৎ করেই এই রমণীর সঙ্গে দেখা হয় এই তরুণের। এরপরে নাটকীয়ভাবে এগিয়ে চলে তাদের প্রেমের সম্পর্কের রসায়ন। এমনইগল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘টিল দ্য এন্ড’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও সিয়াম আহমেদ।
নাটকটিতে বাকশক্তিহীণ তরুণীর ভূমিকায় অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো বলেই দাবি করলেন তাসনুভা তিশা।
গ্লিটজকে তিনি বলেন, “নাটকে আমার চরিত্রটির নাম মারিয়া। মারিয়া কথা বলতে পারে না। পুরো নাটকটিতে আমাকে ইশারায় কথা বলতে হয়েছে। যা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো। এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি কিন্তু এই চরিত্রে অভিনয় করাটা একটু বেশিই কঠিন ছিলো আমার জন্য। অনেক দিন পরে এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করলাম। আমি বেশ উপভোগ করেছি।”
পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বান্নাহ নিজেই।
নাটকের কেন্দ্রিয় চরিত্রের কলাকুশলীদের নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের বদলে সঠিক অভিনয় শিল্পীকে নির্বাচনের দিকেই নাকি বেশি প্রাধাণ্য দিয়েছেন নির্মাতা, এমনটাই দাবী তার।
গ্লিটজকে তিনি বলেন,“ এই নাটকের প্রধান দুই চরিত্রের জন্য যারা উপযুক্ত তাদেরকে নিয়েই জুটি বাঁধা হয়েছে। কারন নাটকটি সমসাময়িক। আর আমি যে বয়সের প্রেমিক যুগলকে পর্দায় উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে তাসনুভা ও সিয়াম উপযুক্ত।”
নাটকটিতে তাসনুভা ও সিয়াম ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন মুশফিক ফারান, হৃদিতা প্রমুখ।
বড়দিন উপলক্ষে নাটকটি বেসরকারী টেলিভিশন আরটিভিতে শরিবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে।
