ফের আইনি ঝামেলায় ‘আমি তোমার হতে চাই’
সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটিতে অনুমতি না নিয়ে ফুটেজ ব্যবহারের অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছেন আরিয়ান শাহ নামের একজন অভিনেতা। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি মুক্তির আগে এর অভিনেতা বাপ্পী চৌধুরীর মামলার মুখোমুখি হয়েছিল।
বিজয় দিবসে সারা দেশে ৮৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি। মুক্তির আগেই অভিনেতা বাপ্পী চৌধুরীর সঙ্গে ডাবিং সংক্রান্ত জটিলতায় আদালত পর্যন্ত গড়ায় সিনেমা মুক্তির বিষয়টি। অবশেষে নানান কাঠখড় পুড়িয়ে সিনেমাটি মুক্তি পেলেও আবারও সিনেপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে এই সিনেমাটি।
মামুনের বিরুদ্ধে অভিনেতা বাপ্পীর মামলার রেশ কাটতে না কাটতেই এবার পরিচালকের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি করেছেন ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে অভিষিক্ত আরিয়ান শাহ। সিনেমায় বিনা অনুমতিতে নিজের ফুটেজ ব্যবহার করার কারনে এবার প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করেছেন তিনি।
এব্যাপারে মঙ্গলবার দুপুরে গ্লিটজকে তিনি বলেন, “শনিবার হঠাৎ করেই আমার ইন্ডাস্ট্রির বেশ কয়েক জন নির্মাতা ও শুভাকাঙ্খীর কাছ থেকে জানতে পেরেছি অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমাতে নাকি আমি অভিনয় করেছি! বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানান। পরবর্তীতে সিনেমার এডিটরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাকে জানালেন, আমার একটি ফুটেজ তিনি সিনেমায় ভুল করে ব্যবহার করে ফেলেছেন!”
সিনেমায় ব্যবহৃত দৃশ্যটি নাকি তার অজান্তেই ধারণ করা হয়েছে- এমন দাবিও করলেন আরিয়ান।
তিনি বলেন, “এই সিনেমার এডিটরের সঙ্গে আমার একদিন হঠাৎ দেখা হয়। সেখানে বেশ কিছুক্ষন তার সঙ্গে কথাও হয়। তখন তিনি একজনকে আমাদের ছবি তোলার কথা বললে সেই ব্যক্তি ছবি তুলেছিলেন। সম্ভবত তখনই তারা লুকিয়ে ভিডিওচিত্র ধারণ করছিলো যা আমি বুঝতে পারিনি।”
তবে সিনেমায় আরিয়ানের ফুটেজ ব্যবহারের বিষয়টি নাকি হঠাৎ করেই শুনেছেন বলে দাবি নির্মাতার।
এ প্রসঙ্গে গ্লিটজকে মামুন বলেন, “আমাদের সিনেমায় একটি গান রয়েছে যেখানে দেখা যায় একটি গান ভাইরাল হয়ে গিয়েছে। ফলে শহরের বিভিন্ন জায়গার মানুষ সেই গানটি দেখছেন। সম্ভবত তিনি (আরিয়ান) মগবাজারে এসেছিলেন। আমার সিনেমার এডিটরের সঙ্গে সম্ভবত তার ভালো সর্ম্পক রয়েছে। সেই সময় ভিডিও করা হয়। কিন্তু পরবর্তীতে সিনেমার মুক্তির পরে আরিয়ান আমাকে ফোন করে বলে গানে তার ফুটেজ থাকার কারনে নাকি তার ক্যারিয়্যার ক্ষতি হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যখন আমি তাকে পাল্টা প্রশ্ন ছুঁড়েছি যে, আমি কি শুটিংয়ের সময় আপনার সামনে ছিলাম? নাকি আপনার সঙ্গে আমার দেখা হয়েছে? তখন তিনি আমাকে জানান সেখানে নাকি আমার সহযোগী ও সিনেমার এডিটর ছিলো। সেই সময় তিনি একটি গান দাড়িয়ে দেখেছিলেন। এখন যদি কেউ এইসব আচরণ করে মিডিয়ায় জনপ্রিয়তা কুড়াতে সক্ষম হয় তাতে আমার তো কোনো সম্যসা নেই।”
‘আমি তোমার হতে চাই’ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
ভালোবাসা ও একটি গান কিভাবে একজন সন্ত্রাসীর জীবন বদলে দিতে পারে এমনই ঘটনাকে উপজীব্য করে আবর্তিত হয়েছে ‘আমি তোমার হতে চাই’ সিনেমার কাহিনি।
সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি।
