২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন ঈশিকা

মা হলেন ছোটপর্দার মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। রোববার দিবাগত রাত ৩ টা ৫৪ মিনিটে লন্ডনের সেন্ট হেলিয়ার হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 03:35 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

সোমবার সকালে গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈশিকা নিজেই। জানিয়েছেন মা হওয়ার ব্যাখাতীত অনুভূতি।

তিনি বলেন, “পরম দয়ালু আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার আশির্বাদে রাত ৩টা ৫৪ মিনিটে আমার ছেলে হয়েছে। স্বাস্থবান ও সুন্দর হয়েছে ও। আমি এখনও কিছুটা অসুস্থ।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঈশিকা আরও বলেন, “আমি জীবনে অনেক কিছুর জন্য গর্ব অনুভব করেছি। কিন্তু কোনো কিছুই আজকের অনুভূতির মতো না। মা হওয়ার অনুভূতি আমার বিগত সময়ের সব ব্যাথা ভুলিয়ে দিয়েছে।”

সন্তানের নাম এখনও ঠিক করেননি ঈশিকা। শ্বশুরবাড়ির অনুরোধে এখনই সন্তানের ছবি প্রকাশ করছেন না ঈশিকা। বললেন, “খুব শিগগিরই ছবি প্রকাশ করবো। আমার ও আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।”

ছোটপর্দায় অভিনয় ও মডেলিংয়ের ক্যারিয়ারে সূর্য যখন মধ্যগগনে তখনই হুট সিদ্ধান্তে বিয়ে করে বসেন ঈশিকা। লন্ডনপ্রবাসী কায়সার খানের সঙ্গে চলতি বছরের ১ এপ্রিল ঢাকঢোল পিটিয়েই নতুন জীবনের পথে পা বাড়ান তিনি। বিয়ের তিনমাসের মাথায়ই খবর আসে মা হতে যাচ্ছেন তিনি। নিরাপদ প্রসবের জন্য লন্ডন যান ঈশিকা। মা হওয়ার পর আরও ছয়মাস সেখানেই থাকার পরিকল্পনা করেছেন ঈশিকা।