২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মভূমি শরীরের শেষ বিন্দু দিয়ে আমরা রক্ষা করব

৪৫ বছর আগে ঠিক এই রাতেই আরও কয়েকজন বুদ্ধিজীবীর মতো সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকেও পাকিস্তানি দোসররা ধরে নিয়ে যায়। তার কণ্যা অভিনেত্রী শমী কায়সার-এর লেখনিতে পড়ুন তার বাবার আত্মত্যাগের গল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শমী কায়সার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 10:05 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বাবা আমার সত্ত্বা, আমার চেতনা, আমার বাংলাদেশ। ছোটবেলা থেকেই একটু একটু করে মুক্তিযুদ্ধের গল্প, বাবার বীরত্বের গল্প, তাঁর রেখে যাওয়া ‘সারেং বৌ’, ‘সংশপ্তক’ পড়ে বড় হয়েছি।

কিন্তু বিভিন্ন বয়সে বাবাকে আবিস্কার করেছি বিভিন্নরূপে। বাংলাদেশে এমন একটি সময় ছিল যখন মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা বলা ছিল ‘মহাপাপ’। বাড়িতে শুনি এক রকমের গল্প আর বাইরে শুনি অন্য গল্প। এমন টানাপোড়নের ভেতরেও ধীরে ধীরে সত্যটাই জেনেছি। ২০০৬ সালে আমি বাবার উপরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজে হাত দেই। তখন বাবাকে আবিস্কার করি নতুনভাবে, যেন এক মহাসমুদ্র, মহীরুহ। যার কথা এক লেখনীতে শেষ করা সম্ভব নয়।

শহীদুল্লাহ কায়সার মাত্র ১৭ বছর বয়সে কমিউনিস্ট রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং ১৯৪৯ সালে যখন কমিউনিস্ট পার্টি অবৈধ ঘোষণা করা হয় তখন তিনি দীর্ঘ ৪ বছরের জন্য আত্মগোপনে চলে যান। ৫২’র ভাষা আন্দোলনে ছিল তাঁর বলিষ্ঠ এবং সাহসী ভূমিকা। তারপর ১৯৫২ সাল থেকে শুরু হয় তাঁর জেল জীবন। ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৬৩ সালের শেষ ভাগ পর্যন্ত বাবা জেলে ছিলেন। তখন তিনি টগবগে যুবক। এর মধ্যে মাত্র দু’বার তিনি জেল থেকে বের হন। জেলে বসেই বাবা লিখেন- ‘সারেং বৌ’, ‘সংশপ্তক’ এবং ‘রাজবন্দীর রোজনামচা’র মতো উপন্যাস।

আমি নীরবে ভাবি, একজন তরুণ মাত্র ২৪/২৫ বছর বয়স থেকে ৩৫/৩৬ বছর বয়স পর্যন্ত জেলে কাটিয়েছেন। কেন? তাঁর স্বপ্নের ভূখন্ডের জন্য, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য। পরবর্তীতে তিনি সংবাদ পত্রিকায় যোগ দিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। একজন সাংবাদিক হিসেবে তাঁর প্রজ্ঞা, তার সমাজবোধ এবং জীবনবোধ আমরা দেখতে পাই‘সংবাদ’এ তার কলাম ‘পথচারী’ ও ‘দেশপ্রেমিক’এ।

এত গুলো কথা পাঠকদের সাথে ভাগ করে নেয়ার কারণ, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঘাতক আলবদর রাজাকার এবং পাকিস্তানি বাহিনী সুপরিকল্পিতভাবে এমন মানুষগুলোকে ধরে নিয়ে যায়- জাতি হিসেবে বাংলাদেশ যেন আত্মসম্মান নিয়ে দাঁড়াতে না পারে। ১৯৭৫ সাল পরবর্তী ঘটনা আমরা সবাই জানি। একটি জাতি যদি তার জন্মের সঠিক ইতিহাস না জানে তবে তারা জাতিগোষ্ঠী হিসেবে আত্মসম্মানবোধ নিয়ে বেড়ে উঠতে পারেনা।

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ নামের একটি জাতিরাষ্ট্র দিয়েছিলেন। ১৯৭৫ সালের পর সব হারিয়ে যায়। ২০০৮ সালের পর বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং কার্যকর করার মাধ্যমে ধীরে ধীরে আমাদের সেই জাতিবোধ, আত্মসম্মানবোধ ফিরিয়ে দিচ্ছেন। আমরা বেশি করে জানতে পারছি আমাদের পূর্বপুরুষদের কথা, তাঁদের বীরত্বের কথা এবং বিশেষ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ছিল- সেই অসাম্প্রদায়িক চেতনায় আমরা ফিরছি।

তবে যেতে হবে অনেকদূর... মাত্র শুরু। শহীদদের রেখে যাওয়া পবিত্র জন্মভূমি শরীরের শেষ বিন্দু দিয়ে আমরা রক্ষা করব। রক্ষা করব আমার সোনার বাংলাকে। জয়বাংলা।