আজকের দিনটা তো খুবই কষ্টের এবং শিক্ষার
৪৫ বছর আগের এই রাতে পাক হানাদার বাহিনীর দোসররা তুলে নিয়ে যায় বাংলার সূর্য্য সন্তানদের। স্বাধীনতার পরে তাদের কেউই আর ফিরে আসেননি পরিবারের কাছে। এরপর থেকেই তার না ফেরার স্মৃতি বয়ে চলছেন স্বজনেরা। বুদ্ধিজীবি শহীদ মুনীর চৌধুরী তাদেরই একজন। শোকের এ সময়ে নিজের ভাইয়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
বুদ্ধিজীবি তো আমার ভাই মুনীর চৌধুরী। তাকে ধরে নিয়ে গেছে। এই ১৪ তারিখে। আমরা অবশ্য তার মরদেহ পাইনি। শুধু আমার ভাই কেন, আরও ১৪ জনকে নিয়েছে। সমস্ত দেশের মাথা, একটা দেশকে খোঁড়া করতে হলে, এই ইন্টেলেকচুয়ালদের শেষ করে দিলেই কিন্তু হয়ে যায়। সেটা তারা ঠিকই বুঝেছে, সেই ভাবে নিয়েছে।
এখন তাদের জায়গায় আবার নতুন করে বানানো দেশের জন্য খুবই কঠিন। তবুও আস্তে আস্তে হচ্ছে। আশা করি হবে। আর যে ৩০ লাখ লোক জীবন দিয়েছে, আজও অনেকে ভুগছে, মুক্তিযোদ্ধারা। যেভাবে নয় মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীনতা অর্জন করেছে, সেটা আমাদের জানপ্রাণ দিয়ে রক্ষা করা উচিৎ।
নয় মাসে স্বাধীনতা লাভ করার ইতিহাস কিন্তু নেই। কাজেই এটাকে মাথায় রেখে আমাদের সৎভাবে জীবনযাপন করা উচিৎ। যারা দেশের জন্য শুধু যুদ্ধ করে নয়, লিখে, নানা ভাবে তাদের অবদান রেখেছে ,তাদের সম্মান করা সেটাকে বুক দিয়ে আগলে রাখাই আমাদের দায়িত্ব।
আমরা অনেক সময় ভুলে যাই, শুধু নিজেদের কথা ভাবি। কিন্তু যারা আমাদের এই স্বাধীনতা অর্জনে ভীষণভাবে সহযোগিতা করেছে, নৈতিক সমর্থন দিয়ে, নিজেদের সমর্থন দিয়ে, শক্তি দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে। কাজেই তাদেরকে আমাদের ভুললে চলবেনা। এই সবকিছুকে রেখেই কিন্তু আমি আমার স্বাধীনতাটাকে রক্ষা করতে পারি।
তা না হলে যেভাবে দুর্নীতি ঢুকছে! খারাপ জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যায়, মানুষকে প্রভাবিত করে। কাজেই দুই হাতে ওইটাকে সরিয়ে দিতে হবে।
একবারে বিনা কারণে আমাদের ধ্বংস করে দেয়াটা ঠিক নয়। রাস্তার সাধারণ লোককে মেরে ফেলেছে। এরাও তো দেশের সম্পদ। নানা দিকে নানা সম্পদ এরা ধ্বংস করেছে। কাজেই এইটা মাথায় রেখে, এই ডিসেম্বর মাসে শুধু ফূর্তি করলেই চলবেনা।
আজকের দিনটা তো খুবই কষ্টের। কষ্টের হলেও আমরা একটা শিক্ষা পেয়েছি। আরও তো আমাদের সম্পদ আছে। আরও তো জ্ঞানী গুণী মানুষ আছেন, বুদ্ধিজীবি আছেন। তারা যেন বিপদমুক্ত থাকেন। তাদের যেন নিরাপত্তা থাকে , সেই দিকে লক্ষ্য রাখা উচিৎ। তারা যেন যথার্থ সম্মান পায় এবং দেশটাকে যেন সমৃদ্ধ করেন, এই খেয়াল রাখা উচিৎ।
অনুলিখন: সোহেল আহসান
