২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিজারে টান টান উত্তেজনার ‘ঢাকা অ্যাটাক’

ইউটিউবে প্রকাশ পেল আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির প্রথম টিজার। মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে কলাকুশলীদের উপস্থিতিতে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। মুক্তির পর থেকেই ব্যাতিক্রমী নির্মাণশৈলী ও গল্পের ইঙ্গিতময় টিজারটি আলোচনার জন্ম দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 11:19 AM

Updated : 20 Aug 2022, 02:20 PM

আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত তারকাবহুল এই সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারটির গল্প গড়ে উঠেছে এক প্রলিশ সদস্যকে ঘিরে, যে নিজের জীবন বাজি রেখে জনগণের জীবন রক্ষার লড়াইয়ে নামে।

এক মিনিটের একটু বেশি দৈর্ঘ্যের সংলাপবিহীন টিজারটিতে টুকরো টুকরো দৃশ্যের মাধ্যমে উঠে এসেছে সন্ত্রাসীদের ধরতে পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর তৎপরতা। আরিফিন শুভ এতে অভিনয় করেছেন এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ওদিকে মাহিয়া মাহিকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। এই দুজন ছাড়াও, পুলিশ কমিশনারের চরিত্রে আফজাল হোসেন ও আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় শতাব্দী ওয়াদুদ-এর উপস্থিতি নজর কেড়েছে। সৈয়দ হাসান ইমাম, নওশাবা ও শিপনকেও দেখা যাবে বিভিন্ন চরিত্রে।

নির্মাতা দীপংকর দীপন গ্লিটজকে বলেন, “ছবিটির গল্পের কিছু ইঙ্গিত আমরা দেখতে পাবো এর টিজারগুলোতে। তবে এখনই গল্প বোঝা যাবে না। কেবলমাত্র  হলে গিয়ে সিনেমটি দেখলেই দর্শক বুঝতে পারবেন এর গল্প।”

তিনি আরও জানান, “সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছে। আশা করছি আগামী বছরই দর্শক হলে চলচ্চিত্রটি দেখতে পাবেন।”

ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।