‘চাঁদনী সন্ধ্যা’য় তারার মেলা
চলচ্চিত্রে আধুনিক যুগের সূচনা ঘটেছিল যাদের হাত ধরে, সেই ইতিহাসের অন্যতমঅংশ চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ জুটি। তাদের অভিনীত প্রায় সব ছবিই ছিল দর্শকপ্রিয়। এই চলচ্চিত্র জুটির প্রথম ছবি এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তির ২৫ বছর বছরপূর্তি উপলক্ষে ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন কয়েক প্রজন্মের তারকা শিল্পীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, “নাঈম-শাবনাজ বাংলাদেশের চলচ্চিত্রের ধারাই বদলে দিয়েছিল। পরে নতুনরা উৎসাহ নিয়ে চলচ্চিত্রে এসেছে। নাঈম-শাবনাজের জন্য শুভ কামনা।”
অনুষ্ঠানের এক পর্যায়ে যোগ দেন চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।
তিনি বলেন, “এ ধরনের আয়োজন আমাদের চলচ্চিত্রাঙ্গনের জন্য ইতিবাচক। নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেয়ার জন্য অব্যাহত থাকুক এ ধরনের উদ্যোগ। নাঈম-শাবনাজের জন্য আর্শীবাদ রইল।”
অনুষ্ঠানে বাংলা সিনেমার সোনালি দিনের কথা মনে করে নাঈম বলেন, “মানুষের ভালোবাসা ছাড়া আজকের এই চাঁদনী সন্ধ্যা হত না। এভাবেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্মাতা আজিজুর রহমান, সৈয়দ সালাহ উদ্দিন জাকী, মতিন রহমান, চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ফেরদৌস।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত চিত্রপরিচালক এহতেশাম এবং নাঈম-শাবনাজকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে এসেছিলেন দুই খ্যাতনামা প্রযোজক জাহাঙ্গীর খান এবং নাসির উদ্দিন দিলু। এসেছিলেন সিনিয়র অভিনয়শিল্পী এটি এম শামসুজ্জামান। সংগীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌস ওয়াহিদ, নকিব খান, লাবু রহমান ও রেডিওব্যক্তিত্ব মাজহারুল ইসলামও ছিলেন আয়োজনটির অতিথি হয়ে।
আশির দশকের অভিনেত্রী চম্পা, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস এবং একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসেছিলেন নাঈম-শাবনাজকে শুভেচ্ছা জানাতে।
নব্বই এবং নব্বই পরবর্তী দশকের অভিনয়শিল্পীদের মধ্যে এসেছিলেন বাপ্পারাজ, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, পপি, পূর্ণিমা, নিপুণ এবং কেয়া।
এই প্রজন্মের তারকাদের মধ্যে দেখা গেছে, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, ইমন এবং জায়েদ খানকে। আফসানা মিমি, তারিন, তানভীন সুইটি, ফারজানা চুমকী, দীপা খন্দকার, হিল্লোল, নওশীন, শোয়েব, মৌসুমী নাগ, রুমানা ইসলামদের মতো তারকারাও হাজির হয়েছিলেন ‘চাঁদনী সন্ধ্যা’য়।
তারকাদের শুভেচ্ছা বিনিময়ের পর ‘চাঁদনী’ সিনেমার সবগুলো গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও প্রতীক হাসান।
