নিলামে বিক্রি হলো জন লেননের চিঠি
ষাট ও সত্তরের দশক জুড়ে গোটা ইউরোপ ও আমেরিকা মাতিয়ে রেখেছিলো জনপ্রিয় রক ব্যান্ড ‘বিটলস’। চার সদস্য- জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন ও রিংগো স্টার-এর এ ব্যান্ডদলটি ১৯৭০ সালে এসে ভেঙ্গে যায়। সম্প্রতি পল ম্যাককার্টনিকে লেখা লেননের একটি চিঠিতে পাওয়া যায় তাদের মধ্যেকার অর্ন্ত:দ্বন্দের ইঙ্গিত।
‘প্লিজ প্লিজ মি’, ‘ফ্রম মি টু ইউ, ‘শি লাভস ইউ’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের জন্ম দেন জনপ্রিয় এ রক ব্যান্ডের শিল্পীরা। প্রায় দশ বছর ধরে সংগীত ভুবন মাতিয়ে রাখা এ দলটিতে পরবর্তীতে শোনা যায় ভাঙ্গনের সুর। জন লেননের সাথে কোন্দল বাঁধে বেস গিটারিস্ট পল ম্যাককার্টনির।
পল ম্যাকার্টনিকে উদ্দেশ্য করে হাতে লেখা সেই চিঠিতে পল ও তার স্ত্রী লিন্ডা ম্যাককার্টনির উপর বেশ ক্ষুব্ধ হতে দেখা গেছে লেননকে। ‘বিটলস’ ছেড়ে দিচ্ছেন লেনন- এ খবরটি কাউকে না জানানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু পলের স্ত্রী লিন্ডা খবরটি জনসম্মুখে চাউর করে দেয়ায় তাদের দু’জনের উপরে চটে যান তিনি।
বিসিসি জানায়, সম্প্রতি বোস্টন ভিত্তিক এক নিলামকারী প্রতিষ্ঠান জন লেননের সেই গুরুত্ববহ চিঠিটি নিলামে তুলেছে। বৃহস্পতিবার আয়োজিত এ নিলামে ত্রিশ হাজার মার্কিন ডলানে বিক্রি হয়েছে লেননের এ চিঠিটি।
