২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মুখে ‘মুখোশ মানুষ’ সিনেমার ট্রেইলার!

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলের ‘মুখোশ মানুষ’ সিনেমার ট্রেইলার। তবে মুক্তির পরেই ট্রেইলারের কিছু অন্তরঙ্গ দৃশ্যের কারণে এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ব্যাপক ঝড় তুলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 12:47 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির ঠিক একমাস আগেই বুধবার (১৬ নভেম্বর) ইউটিউবে প্রকাশিত হল ২ মিনিট ৪৭ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলার। সাইবার ক্রাইম নিয়ে র্নিমিত সিনেমাটির বিষয়বস্তু হচ্ছে সাইবার ক্রাইমকে না বলুন।

তারপরেও যৌনতায় ভরা ট্রেইলারটি এখন বেশ সমালোচনার মুখে পতিত হয়েছে।

‘মুখোশ মানুষ’ সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, নওশীন নাহরীন ও কল্যাণ কোরাইয়া। সিনেমায় নীল নাম ভূমিকায় অভিনয় করেছেন নওশীন।

 

ট্রেইলারে অভিনেতা-অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্যের ব্যাপারে বেশ পরিষ্কার ভাবেই নিজের অবস্থান গ্লিটজের কাছে তুলে ধরলেন অভিনেত্রী নওশীন।

তিনি বলেন, “আসলে পুরো সিনেমাটি না দেখলে শুধুমাত্র সিনেমার ট্রেইলার দেখেই কোনো কিছু বলা যাবে না। তাই যারা ট্রেইলারটি নিয়ে কথা বলছেন তাদের একটা কথাই বলবো আগে সিনেমাটি দেখুন। সিনেমায় আমাদের অভিনয় দেখুন, সিনেমায় যে বার্তা রয়েছে তা বোঝার চেষ্টা করুন। তারপরে গিয়ে সমালোচনা করুন।”

‘মুখোশ মানুষ’ সিনেমায় রুপম নাম ভূমিকায় অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।

ট্রেলার বিতর্কের ব্যাপারে তিনিও বেশ পরিষ্কার ভাবে নিজের অবস্থান গ্লিটজের কাছে তুলে ধরলেন।

তিনি বলেন, “সিনেমাতে যদি কোনো কিছু সত্যিকার অর্থে দেখাতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তা রিয়েলিস্টিক করতে হবে। যা আমাদের যাপিতজীবনে ঘটে থাকে সেগুলো পর্দায় ফুটিয়ে তুলতে হলে বাস্তবের মতোই সেগুলো উপস্থাপন করতে হবে। এখানে চোখ বেঁধে রেখে কোনো লাভ নেই। আমরা সকলেই শিক্ষিত। তাই সেই জায়গা থেকে আমরা যদি কোনো কিছু অশ্লীল না করে খোলামেলা ভাবে উপস্থাপন করি এবং গল্পটা সুন্দর করে বলা যায় সেক্ষেত্রে আমার কাছে তা সর্ম্পূণভাবে সঠিক।”

একজন সাইবার অপরাধীর কবলে পড়ে একজন নারীর সুন্দর সাজানো গোছানো সংসার জীবন কীভাবে ধ্বংস হয়ে যায় মূলত এমন ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘মুখোশ মানুষ’ সিনেমার কাহিনি।

তৈরির পাশাপাশি চিত্রনাট্যর লেখার কাজটি করেছেন নির্মাতা নিজেই। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান।

শুধুমাত্র ‘মুখোশ মানুষ’ সিনেমার ট্রেইলার নয় বরং সিনেমাকে ঘিরেই গ্লিটজের কাছে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন জুয়েল।

তিনি বলেন, “সিনেমার গল্পটি যেন দশর্কের কাছে মিথ্যা মনে না হয় আমি তেমনই চেয়েছিলাম। তাই গল্পটি যেন তাদের কাছে বাস্তবসম্মত মনে হয় সেজন্য গল্পের প্রয়োজনে যতটুকু উপস্থাপন করা প্রয়োজন আমি ততটুকুই উপস্থাপন করেছি। তবে প্রেক্ষাগৃহে দর্শকরা কোন মনমানুষিকতা নিয়ে সিনেমাটি দেখতে যাবেন এটা কেবলই তাদের উপর র্নিভর করে। তবে সিনেমাটি দেখার পরে দর্শকদের দৃষ্টিভঙ্গির জায়গায় অনেক ধ্যান ধারণা বদলে যাবে বলে আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন, “সাইবার অপরাধ নিয়ে এটা (‘মুখোশ মানুষ’) হচ্ছে বাংলাদেশের প্রথম নির্মিত কোনো সিনেমা। কারণ সিনেমার গল্প যেই বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে এর আগে এই বিষয় নিয়ে কোনো সিনেমা নির্মাণ হয়নি। এটি মূলত সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা।”

এই ছবিতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন বড়দা মিঠু, লামিয়া মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।

সিনেমার আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও আহমেদ হুমায়ূন। আর গানগুলো গেয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল ও আরিফ।