জমকালো আয়োজনে বিয়ের ঘোষণা রিকি মার্টিনের
দু’দিন আগেই সেরেছেন বাগদান। এবারে জানালেন শিগগিরি বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে! প্রেমিক জেওয়ান ইওসেফ-এর সঙ্গে বেশ জমকালোভাবেই বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী রিকি মার্টিন।
২০১৫ সালে সমকামী বিয়ে বৈধ করা হয় যুক্তরাষ্ট্রে আর তখন থেকেই বড় আয়োজনে বিয়ের ম্বপ্ন দেখতে শুরু করেন এ ল্যাটিন সংগীতশিল্পী।
মার্কিন গণমাধ্যমকে রিকি বলেন, “যেদিন থেকে যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ করা হলো সেদিন থেকেই আমার স্বপ্ন ছিলো অনেক বড় করে আমার বিয়ের আয়োজন করবো। ল্যাটিন কায়দায় জাঁকজমকের সঙ্গে এ বিয়ের অনুষ্ঠান করা হবে আর সেখানে উপস্থিত থাকবে আমার পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবরা।”
সম্প্রতি পিপল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“এই মুহূর্তে আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যাবে না। ব্যাপারটা বেশ মোহময় ও আনন্দদায়ক! ইওসেফ আর আমি অসম্ভব সুন্দর কিছু সময় পার করছি। সম্পর্ক নিয়ে এতোটা আত্মবিশ্বাস আগে কখনো আমার মধ্যে কাজ করেনি।”
এ বছরের এপ্রিল থেকেই সিরিয়ান বংশোদ্ভূত সুইডিশ চিত্রশিল্পী জেওয়ান ইওসেফ-এর সঙ্গে মন দেয়া-নেয়া শুরু হয় রিকি মার্টিনের। ১৬ নভেম্বর এলেন ডিজেনারেস-এর চ্যাট শোতে জানান তাদের বাগদানের কথাও।
রিকি মার্টিনের যৌন জীবনকে ঘিরে বরারবরই আগ্রহ ছিলো তার ভক্ত ও শ্রোতাদের। তবে এর আগে কখনোই এ ব্যাপারেগণমাধ্যমে মুখ খোলেননি তিনি। প্রথমজীবনে মেক্সিকান টিভি তারকা রেবেকা ডি অ্যালবা’র সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ২০১৪ সালে অর্থনীতিবিদ কার্লোস গঞ্জালেস অ্যাবেলা’র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সমকামী হিসেবে আত্ম-প্রকাশ করেনে এ সংগীত তারকা।
সামনেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট ও সংগীত ভ্রমণের কথা ছিলো এ শিল্পীর। তবে ব্যাক্তিগত সময়কে উপভোগ করার জন্যে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
