‘নীল দংশন’ থেকে ‘ব্লু ভেনাম’
১৯৭১ সালের ঘটনাকে উপজীব্য করে আবর্তিত প্রয়াত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের ‘নীল দংশন’ উপন্যাস অবলম্বনে র্নিমিত হচ্ছে ইংরেজি ভাষায় অনুদিত মঞ্চপাঠ ‘ব্লু ভেনাম’। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের সূর্যসন্তানদের বিনা কারণে ধরে নিয়ে যাওয়ার গল্পই ভেসে উঠেছে যেখানে।
‘ব্লু ভেনাম’-এর মঞ্চপাঠে দেখা যাবে, পাকিস্তান হানাদার বাহিনী কবি কাজী নজরুল ইসলামকে তুলে আনতে যায়। কিন্তু সেখানে তারা একই নামের কারনে ভুল ব্যাক্তি তুলে নিয়ে আসে, যার নাম কাজী নজরুল ইসলাম কিন্তু সে কবি নয়। শুধুতাই নয় তার জন্মও কবি কাজী নজরুল ইসলামের মত ভারতের বর্ধমান জেলায় হয়েছে। এমনই নাটকীয়তায় এগিয়ে গেছে ‘ব্লু ভেনাম’য়ের গল্প।
দুই চরিত্রের এ মঞ্চপাঠে অভিনয় করছেন আরেফ সৈয়দ ও আরিক আনাম খান। যেখানে কাজী নজরুল ইসলাম নাম ভূমিকায় অভিনয় করছেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আরেফ সৈয়দ।
এ প্রসঙ্গে গ্লিটজকে ‘অনিল বাগচীর একদিন’খ্যাত অভিনেতা আরেফ বলেন, “এই মঞ্চপাঠে আমরা ‘নীল দংশন’ উপন্যাসের কিছু অংশ পাঠের পাশাপাশি অভিনয়ও করব। এখান আমার অভিনীত চরিত্রের নাম কাজী নজরুল ইসলাম। পাকিস্তানি সেনা আমাকে শুধুমাত্র কাজী নজরুল ইসলাম নামের কারনে ভুলে তুলে নিয়ে যায়। তার পরে যেসব ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলোই আমার চরিত্রে ফুটে উঠবে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে শুধুমাত্র একই রকম নামের কারনে কত ভুল ব্যক্তিদের তারা তুলে নিয়ে গেছে, সেই বিষয়টাও এখানে ফুটে উঠবে। অন্যদিকে দুইবাংলার মধ্যকার মানুষদের নিজ দেশ থেকে প্রতিবেশী দেশে স্থানান্তরের বিষয়টিও ফুটে উঠেছে।”
‘ব্লু ভেনম’-এ এক পাক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আরিক।
এপ্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “এই মঞ্চপাঠে আমি এক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানিরা যেসব নারকীয় ঘটনা ঘটিয়েছে সেগুলো আমরাদের সকলেরই জানা। মঞ্চে আমরা তাদের অত্যাচারের বিষয়গুলো সরাসরি দেখাবো না কিন্তু এগুলো আমাদের অভিনয়, আলোকসজ্জা ও সংগীতের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।”
মঞ্চপাঠটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ নুপুর।
এ প্রসঙ্গে গ্লিটজকে নুপুর বলেন, “সৈয়দ শামসুল হক স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মূলত আমি এই মঞ্চপাঠটি র্নিদেশনা দিচ্ছি। আর এই মঞ্চপাঠের জন্য র্নিবাচিত দুই চরিত্রে অভিনয় করার জন্য আরেফ ও আরিককে র্নিবাচন করা হয়েছে। কারন তারা দুইজনই এই সময়ের তরুন অভিনয় শিল্পীদের মধ্যে সেরা।”
বাংলা একাডেমি চত্বরে আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’ বা ‘লিট ফেস্ট’য়ের ষষ্ঠবারের আসর। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। উদ্বোধনী দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমি মিলনায়তনে এর মঞ্চায়িত হবে ‘ব্লু ভেনাম’।
