২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠছে ‘ফোক ফেস্ট’ এর

বৃহস্পতিবার সন্ধ্যায় লোকগানের তারকাশিল্পীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ এর দ্বিতীয় আসর। এ উৎসবে বাংলাদেশের লোকগানের শিল্পীদের পাশাপাশি গাইবেন বিভিন্ন দেশের একাধিক কণ্ঠশিল্পী। তথ্যটি নিশ্চিত করেছে উৎসব আয়োজক প্রতিষ্ঠান সান ইভেন্টস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 02:58 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

এরইমধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী উৎসবের প্রথমদিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ গাইবেন বাংলাদেশের টুন টুন বাউল, আবদুর রহমান বাউল, ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ ও ফরিদা ইয়াসমিন। আরও গাইবেন ভারতের রাজু দাশ বাউল, পাকিস্তানের জাভেদ বশির এবং সমবেত পরিবেশনায় গাইবে ইংল্যান্ডের সাইমন থ্যাকার্স সাভারা কান্তি ব্যান্ড দল।

উৎসবের দ্বিতীয় দিন ১১ নভেম্বর বাংলাদেশের শিল্পীদের মধ্যে গাইবেন শফি মণ্ডল, লাবিব কামাল গৌরব, জালাল ও লতিফ সরকার। এছাড়াও ওই দিন  গানে গানে মঞ্চ মাতাবেন ভারতের কৈলাশ খের  ও ইন্ডিয়ান ওশেন ব্যান্ডদল। আরো থাকছে কানাডার প্রসাদ এবং স্পেনের কারেন লোগো ও রিকার্ডো মোরোর দ্বৈত পরিবেশনা।

উৎসবের সমাপনী দিন ১২ নভেম্বর একই মঞ্চে গাইবেন বাংলাদেশের ইসলাম উদ্দিন কিসসাকার, বারী সিদ্দিকী, সুনীল কমকার ও দলীয়ভাবে তাপস অ্যান্ড ফ্যান্ডস। এদিন ভারতের পবন দাশ বাউলের পাশাপাশি থাকছে নুরান সিস্টার্সের পরিবেশনা। সবশেষে রয়েছে ইংল্যান্ডের সুশীলা রহমান ও স্যাম মিলসের যৌথ পরিবশনার গান।  

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লোকগানের অনুরাগীরা নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন আয়োজনটি।  

নির্ধারিত শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের কয়েকজন শিল্পীও গাইবেন এ সংগীত আসরে। এ তথ্য জানিয়েছে উৎসব আয়োজক প্রতিষ্ঠান।